ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুব জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করার প্রত্যয় নিয়ে বিশ্ব যুব দিবস উপলক্ষে কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পপুলেশন সায়েন্সেস বিভাগ।
যুব দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শোভাযাত্রা বের এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বিভাগটি।
প্রতিবছর ১২ অগাস্ট বিশ্ব যুব দিবস হিসেবে পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- 'আমাদের বর্ষ, আমাদের কণ্ঠস্বর'।
সকাল ১১টায় ঢাবি অপরাজেয় বাংলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এ কে এম নূর-উন-নবী, ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, আয়োজক বিভাগের চেয়ারপার্সন মেহেদী হাসান খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৪০ ঘ.
bdnews24