২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের 'সমঝোতা'

নতুন কোনো মামলা দেওয়া হবে না এই শর্তে বিচারিক আদালতে আত্মসমর্পণ ও ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 09:16 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে হট্টগোলের মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপি সমর্থক আইনজীবীরা। সমঝোতার পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বার সভাপতি। অ্যাটর্নি জেনারেল বলেছেন, বিচারিক আদালতে আত্মসমর্পণের পর আইনজীবী হাইকোর্টে ক্ষমা চাইবেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আদালতে হট্টগোলের দুই মামলায় গ্রেপ্তার না হওয়া আইনজীবীরা আগামী ১৪ অগাস্ট নিু আদালতে আত্মসমর্পণ করবেন। "অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে আমরা আশ্বস্ত হয়েছি, ১৪ অগাস্টের আগে আর কাউকে গ্রেপ্তার করা হবে না। গ্রেপ্তারের পর কারো জন্য রিমান্ড আবেদন বা নির্যাতন করা হবে না। তাদের নতুন কোনো মামলায়ও জড়ানো হবে না", বলেন তিনি। গত ২ অগাস্ট আদালতে হট্টগোলের পর এ পর্যন্ত চার আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিএনপির সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াও রয়েছেন। এর মধ্যে তিন আইনজীবীকে অন্য দুটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। সে দুটিতে জামিন হলেও হট্টগোলের মামলায় পাপিয়াসহ তিন আইনজীবীকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে আদালত। আদালতে হট্টগোলের ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা করে। এতে ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়। বিচারিক আদালতে আত্মসমর্পণের পর জামিন হওয়ার আশা প্রকাশ করে বার সভাপতি বলেন, "আত্মসমর্পণের পর আশা করি আমরা জামিনেও মুক্তি পাবো।ওই দিনই আদালত অবমাননার রুলের বিবাদীদের হাইকোর্টে নিয়ে আসবো।" অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "বার সভাপতির সঙ্গে কথা হয়েছে, আইনজীবীরা ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করবেন। এরপর তারা সেখান থেকে এসে হাইকোর্টের ওই বেঞ্চে ক্ষমা প্রার্থনা করবেন।" "আমি প্রথম থেকেই বলে আসছি, যারা আদালতের সঙ্গে অশোভন আচরণ করেছেন, তারা হাইকোর্ট থেকে আগাম জামিন পেতে পারেন না। তাদেরকে অবশ্যই নিু আদালতে আত্মসমর্পণ করতে হবে", বলেন তিনি। ১৪ অগাস্টের আগে নতুন কাউকে গ্রেপ্তার না করা, গ্রেপ্তারের পর রিমান্ড আবেদন না করা বা নতুন মামলায় না জড়ানোর নিশ্চয়তা দিয়েছেন কি না- জানতে চাওয়া হলে অ্যাটর্নি জেনারেল বলেন, "এটা একটা বিব্রতকর প্রশ্ন। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে এ নিশ্চয়তা দিতে পারি না।" "তাদের হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপর তারা যাতে পুলিশের হাতে নির্যাতিত না হন, সে বিষয়টি আমরা সবাই মিলে নিশ্চিত করার চেষ্টা করবো", যোগ করেন তিনি। আপিল বিভাগে শুনানি মুলতবি এদিকে আদালত অবমাননার অভিযোগে বিএনপি সমর্থক ১৩ আইনজীবীকে আইন পেশা থেকে বিরত থাকা সংক্রান্ত আদেশের বিরুদ্ধে ওই আইনজীবীদের আবেদনের শুনানি আগামী ১৪ অগাস্ট পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। দুপুরে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আট সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে সকাল ১০টার দিকে প্রধান বিচারপতি ১৩ আইনজীবীর আইনজীবী ব্যরিস্টার রফিক-উল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে বলেন, "এই বিষয়টিতো আপনারা নিজেরাই সমাধান করতে পারেন।" পরে রফিক-উল হক বলেন, "প্রধান বিচারপতি আমাদেরকে বলেছেন আপনারা জ্যেষ্ঠ বিচারপতিরা মিলে এ বিষয়টির সমাধান করে ফেলতে পারেন। ওই আইনজীবীদেরকে নিয়ে সংশ্লিষ্ট কোর্টে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করেন। আমি তাদের বলেছি- শুধু তেলে পানি দেন, আগুন দিবেন না। শুধু আমাদের নয়, আপনাদেরও দায়িত্ব আছে।" এরপর বেলা ১২টা পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত। গত ২ অগাস্ট হাইকোর্টে বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যের বিরুদ্ধে করা একটি আবেদনের শুনানি হয়। সেখানে খালেদা জিয়ার একই ধরনের উক্তির প্রসঙ্গে আদালত তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললে হট্টগোল বাঁধে ও হাতাহাতি হয়। এরপর পুলিশ বাদি হয়ে দুটি মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/এএল/১৭২১ ঘ.