২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে এক কুকুরের কামড়ে ২২ জন আহত

কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে মঙ্গলবার রাতে 'পাগলা' কুকুড়ের কামড়ে ২২ জন আহত হয়েছেন। বুধবার সকালে ওই কুকুরটিকে পিটিয়ে মেরা ফেলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

মৌলভীবাজার, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে মঙ্গলবার রাতে 'পাগলা' কুকুড়ের কামড়ে ২২ জন আহত হয়েছেন। বুধবার সকালে ওই কুকুরটিকে পিটিয়ে মেরা ফেলা হয়। আহতদের মধ্যে ১৬ জনকে শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এরা হলেন- রামপল রবি দাশ, জগু দোষাদ, নির্মল রবি দাশ, শ্রীমতি চাষা, স্বামীত্রি চাষা, সোনিয়া মৃধা, শংকর গোয়ালা. রামতার রিকিয়াসন, ধীরেন্দ্র বাউড়ি, রামবাবু রবি দাশ, বাবুল শীল, গোপাল সাহা, পচালালী, সনাতন রিকিয়াসন, সুমন রবি দাশ ও গ্র"প ফোরের নিরাপত্তা কর্মী এমরান হোসেন। বাকিরা ব্যক্তিগতভাবে হাসপাতালের বাইরে চিকিৎসা নিচ্ছেন। আহত চা শ্রমিক বাবুল শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় পাগলা কুকুরটি চা শ্রমিক ও তাদের পরিবারের ২২ জনকে কামড়ে আহত করে। রাতে ধাওয়া করে পাগলা কুকুরটিকে ধরার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে সকালে শ্রমিকরা চা বাগানে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। এর আগে গেল মাসের ৮ জুলাই রাজধানীতে একটি কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছিলেন। ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তাদের জলাতঙ্কের প্রতিষেধক ভ্যাকসিন দিতে হবে। তবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলগঞ্জ ও মৌলভীবাজার পৌরসভা এবং সদর হাসপাতালে খোঁজ করেও জলতঙ্কের ভ্যাকসিন পাওয়া যায়নি বলে জানান তিনি। নজরুল ইসলাম বলেন, ভ্যাকসিন আনার জন্য হাসপাতালের পক্ষ থেকে বুধবার সকালে ঢাকায় লোক পাঠানো হয়েছে বলে তিনি জানান। সাধারণত জুলাই ও অগাস্ট মাসে কুকুরের কামড়ের ঘটনা বেশি ঘটে। কুকুরের মতো উষ্ণ রক্তের প্রাণী থেকে মানুষের দেহে জলাতঙ্কের জন্য দায়ী ভাইরাসের সংক্রমণ ঘটে। পৃথিবীতে প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে ৫৫ হাজার মানুষ মারা যায়, যার অর্ধেকরই বয়স ১৫ বছর বা তার কম। সরকারি তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৫২ ঘ.