হবিগঞ্জ, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে শনিবার সকালে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রয়েছে- আমির উদ্দিন, মিজান মিয়া, গিয়াস উদ্দিন, মালেক মিয়া, কামাল মিয়া, ইদু মিয়া, মতি মিয়া, সাচ্চু মিয়া, জজ মিয়া, কাউছার মিয়া, সাফি মিয়া, আহাদ মিয়া, সুজন মিয়া, জামাল মিয়া, আব্দুল মালেক, সজলু মিয়া, শিপলু মিয়া, রাসেল মিয়া, সোহেল মিয়া, ফজলু মিয়া, সবুজ মিয়া, মানিক মিয়া, জুয়েল মিয়া ও ইসমাইল মিয়া।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালনী গ্রামে 'ইসলামী যুব সংঘ' নামে ৩০ সদস্যের একটি সমিতি রয়েছে। সমিতি থেকে লোকজনকে ঋণ দিয়ে এর বিপরীতে সুদ নেওয়া হতো।
গত দুই-তিনদিন আগে ঋণের বিপরীতে সুদ নেয়া হবে কি না- এ নিয়ে সদস্য সৈয়দ আলী ও আক্তার মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সকাল সাড়ে ৬টায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয় বলে ওসি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বলে জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৩০০ ঘ.
bdnews24