ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোরাচালান বন্ধ না হলেও আগের চেয়ে অনেক কমেছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এই ধারা অব্যাহত থাকলে এক সময় তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার ৫০তম জাতীয় চোরাচালন প্রতিরোধ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, "চোরাচালান বন্ধ করা হয়েছে, বলা ঠিক হবে না, তবে বিগত সময়ের চেয়ে চোরাচালন অনেক কমেছে।"
চোরাকারবারী 'গডফাদারদের' ধরতে এ সময় সাংবাদিকদের কাছে দোয়া চান স্বরাষ্ট্রমন্ত্রী।
বর্তমান সরকারের সময়ে কত জন 'গডফাদারকে' আটক করা হয়েছে জানতে চাইলে সাহারা বলেন, "এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। গডফাদারদের ধরা যাবে, আপনারা দোয়া করবেন।"
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকবল বাড়ানো হবে এবং প্রতি জেলায় একটি করে মাদক পরীক্ষাগার স্থাপন করা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সংশোধনের কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চোরাকারবারীদের যাতে জামিন না হয় সে বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।
অন্যদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএম/আরএ/১৭১৭ ঘ.
bdnews24