হবিগঞ্জ, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদর উপজেলায় একটি যাত্রীবাহী 'হিউম্যান-হলার' উল্টে এক বৃদ্ধার। আহত হয়েছে ১০ জন।
সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত জাহেরা বেগম (৬০) মাধবপুর উপজেলার মাঝিশাইল গ্রামের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া সাংবাদিকদের জানান, হবিগঞ্জগামী হিউম্যান হলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১১ আরোহী আহত হন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহেরাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে ইছাক মিয়া (৩০), মর্তুজা আলী (৩৫), তৌহিদ মিয়া (৩০), রেহানা বেগম (৩২), জেসি (৫) ও হৃদয়ের (৮) অবস্থা গুরুতর বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮৩৫ ঘ.
bdnews24