ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সই হওয়া সীমান্ত ব্যবস্থাপনা সমঝোতা স্মারকে 'গোপন' কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
বিএনপির দাবির প্রেক্ষিতে সীমান্ত ব্যবস্থাপনা সমঝোতার দলিল প্রকাশ করা হবে কি না জানতে চাইলে রোববার টুকু বলেন, এ চুক্তিতে গোপন বলে কিছু নেই। সীমান্তে যেন গুলি করা না হয় এবং সীমান্তে হত্যা বন্ধে এ চুক্তি করা হয়েছে।
রোববার বিকেলে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে চোরাচালান ও মানবপাচার রোধে এ চুক্তি হয়েছে জানিয়ে। এ চুক্তির ফলে বাংলাদেশ লাভবান হবে।
"চুক্তির ফলে বিজিবি ও বিএসএফের একসঙ্গে কাজ করবে। এতে সীমান্তে নিরাপত্তা বাড়বে এবং মানব, মাদক ও অস্ত্র পাচার রোধ হবে।"
তবে চুক্তির দলিল প্রকাশ করা হবে কি না তা বলেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
শনিবার সচিবালয়ে সাহারা খাতুন ও পি চিদাম্বরমের বৈঠকে সমঝোতা স্মারক সই হওয়ার পরপরই জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সীমান্ত ব্যবস্থাপনা সমঝোতার দলিল প্রকাশের দাবি জানান বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯৫৬ ঘ.
bdnews24