২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লামা হত্যাকাণ্ডের বিচার চেয়ে জনসংহতি সমিতির বিক্ষোভ

বান্দরবানের লামার বেতঝিড়ি এলাকায় পাহাড়ি এক পরিবারের তিন জনকে হত্যার প্রতিবাদে জনসংহতি সমিতি বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

বান্দরবান, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের লামার বেতঝিড়ি এলাকায় পাহাড়ি এক পরিবারের তিন জনকে হত্যার প্রতিবাদে জনসংহতি সমিতি বিক্ষোভ করেছে। রোববার দুপুর ১২টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভে দলটির সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদও অংশ নেয়। জনসংহতি সমিতি (জেএসএস) বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যবামং মারমাসহ বক্তারা এ হত্যাকাণ্ডের নিন্দা এবং দোষী ব্যক্তির শাস্তি দাবি করেছেন। শনিবার লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বেতঝিড়ি নোয়াপাড়ার বাসিন্দা ওয়াংছাউ মারমা (৬৫), তার মেয়ে রামুচিং মারমা (৩৬) ও রামুচিংয়ের ছেলে মংনুচিং মারমাকে (৫) দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পালিয়ে প্রাণে রক্ষা পান রামুচিং এর মেয়ে উমাচিং মারমা। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে স্থানীয়রা মোহাম্মদ মুসা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে। তিনি ওই ইউনিয়নের মুসলিমপাড়ার মো. শাহজাহানের ছেলে। লামা থানার ওসি মোহাম্মদ হোসেইন জানিয়েছেন, নিহত রামুচিং মারমার স্বামী মংসামং মারমা বাদি হয়ে মুসাকে আসামি করে একটি হত্যামামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৮০০ ঘ.