গাজীপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গজারী বন থেকে বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে র্যাব। তবে শনিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।
বৃহস্পতিবার উপজেলার ভোরে কালিয়াকৈরের নিশ্চিতপুর এলাকার বনে অভিযান চালিয়ে থেকে মাটির নিচে পুঁতে রাখা পাঁচ বস্তা বিভিন্ন ধরনের বন্দুকের তাজা গুলি ও এক ট্রাঙ্কভর্তি বিস্ফোরক উদ্ধার করে র্যাব।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে র্যাব-১ এর উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেশ কিছুদিন ধরেই র্যাব অভিযান চালিয়ে এলেও পুলিশকে অবহিত করা হয় বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে। খবর পেয়ে গাজীপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল হোসেন বিপিএম ও আমি ঘটনাস্থলে যাই। পরে বিকালে সাধারণ ডায়েরিটি করা হয়।"
তিনি আরো জানান, র্যাবের পাশাপাশি থানা পুলিশ নিজস্ব উদ্যোগে তদন্ত করছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
র্যাব-১ এর উপপরিচালক মেজর নিশাদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "আমরা বিষয়টি তদন্ত করছি, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।"
গত বৃহস্পতিবার উদ্ধার করা গোলাবারুদের মধ্যে রয়েছে পাঁচটি বস্তার ভিতরে থাকা ৫০টি প্যাকেটে ১৩ হাজার ৫শ' ৮২ রাউন্ড গুলি (রাইফেল, এসএমজিতে ব্যবহৃত)। এছাড়া ট্রাঙ্কের ভিতরে থাকা প্যাকেটে ১৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০টি ডেটোনেটর, ১৩৫ ফিট রেকডেক্স, ১৭ টি আইসি ও ১২টি ব্যাটারি কানেক্টর পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১০৩৬ ঘ.
bdnews24