২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনিতে ছাত্রহত্যা: তদন্ত শুরু, ২ জন রিমান্ডে

আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র হত্যার ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ করেছে পুলিশের তদন্ত কমিটি। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে দুদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 04:29 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র হত্যার ঘটনাস্থল পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ করেছে পুলিশের তদন্ত কমিটি। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে দুদিনের হেফাজতে পেয়েছে পুলিশ। কমিটি রোববার ঘটনাস্থল কেবলার চরে নিহত ছাত্রদের বিরুদ্ধে মামলার বাদীসহ ১০ জনের সাক্ষ্য নিয়েছে। ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ছানোয়ার হোসেন ও মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য এদিনই দুই দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। ১৭ জুলাই গভীর রাতে আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় ছাত্র ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরেক যুবক। এ ঘটনায় আহত-নিহতদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করেন স্থানীয় এক ব্যবসায়ী। স্থানীয় পাঁচ/ছয়শজনকে আসামি করে একটি হত্যামামলা করে পুলিশ। নিহতরা হলেন- ইব্রাহিম খলিল (২৪), শহিদুর রহমান পলাশ (২৬), কামরুজ্জামান কান্ত (২৪), টিপু সুলতান (২৩), শামস্ রহিম শাম্মাম (২২) ও মনির হোসেন (২৫) নিহত হয়। আহত হয় আল-আমিন নামের আরও এক যুবক। মঙ্গলবার আবার সাক্ষ্যগ্রহণ কেবলার চরে সাক্ষ্য গ্রহণ শেষে বিকাল ৫টার দিকে পুলিশের উপ-মহাপরিদর্শক (প্রশাসন) আমির উদ্দিন সাংবাদিকদের বলেন, ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার আবার একই স্থানে সাক্ষ্য নেওয়া হবে। এর আগে তারা গণপিটুনিতে আহত আল আমিনের সাক্ষ্য নেন রাজধানীর দারুস সালাম এলাকায় । এরপর বক্তব্য শোনেন নিহতদের পরিবারের সদস্যদের। নিহত ছাত্রদের প্রায় সবাই ওই এলাকার বাসিন্দা। পরে আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেখানে কীভাবে কখন গিয়েছিলাম, পেটানোর সময় কাউকে চেনা গেছে কি না- এ সব বিষয়ে জানতে চেয়েছে কমিটি। গণপিটুনির ঘটনা খতিয়ে দেখতে গত ২১ জুলাই চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে পুলিশ। এ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমির উদ্দিন কমিটির প্রধান। অন্য সদস্যরা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মাসুদ করিম, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার শেখ মো. রেজাউল হায়দার এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। রফিকুল কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। কিসের সাক্ষ্য দিতে এসেছেন জানেন না ঘটনার সাক্ষ্য দিতে এসেছিলেন বড়দেশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম ও সহকারী শিক্ষিকা রাফিজা খাতুন। কিন্তু তারা কিসের সাক্ষ্য দিতে এসেছেন তা জানেন না। ওই দুই শিক্ষক সাংবাদিকদের জানান, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল বারীর নির্দেশে তারা এসেছেন। সভাপতি তাদের বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে আসবেন, এজন্য সেখানে যেতে হবে। দুই শিক্ষক দাবি করেন, কেউ জিজ্ঞ্যেস করলে গণপিটুনিতে যারা মারা গেছে তারা সবাই ডাকাত ছিল এমন কথা বলার নির্দেশ ছিলো সভাপতির। ছয় ছাত্রের বিরুদ্ধে ডাকাতি মামলার বাদী শাহাদাৎ এন্টারপ্রাইজের মালিক আব্দুল মালেক সাংবাদিদের বলেন, ঘটনার রাতে আনুমানিক ১টা ১০ মিনিটে গদি ঘরে বসা ছিলাম। হঠাৎ ৫ জন লোক চাপাতি, দা ও ছোড়া নিয়ে ঘরে ঢুকে ক্যাশে থাকা ৫ হাজার টাকা নিয়ে যায়। "পরে চিৎকার করলে এলাকার মাইকে ডাকাত বলে প্রচার চালালে ১৭ গ্রামের লোক এসে ডাকাতদের ওপর হামলা চালায়। এতে গণপিটুনিতে তারা নিহত হয়।" তিনি বলেন, শবেবরাতের রাতে ১৭ গ্রামের লোক কবরস্থানে ছিল। তাই তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছাতে সক্ষম হয়। তবে স্থানীয় বালু ব্যবসায়ী শওকত আলী রানা জানান, ওই রাতে সব বালুর গদি বন্ধ ছিল। স্বজনদের ক্ষোভ তদন্ত কমিটির সঙ্গে কেবলার চরে আসেন নিহতদের কয়েকজন স্বজনও। তারা ঘটনার সময় পুলিশের ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নিহত কামরুজ্জামান কান্তর চাচা আব্দুল হাকিম সাংবাদিকদের বলেন, কান্ত এখানে (কেবলার চরে) আসেনি। তারা গাবতলী ব্রিজের কাছে ছিল। ওখান থেকে ধরে এনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। "ওই স্থানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ছিল, তার সামনে থেকে ধরে এনে হত্যা করেছে। কিন্তু ওই পুলিশ সদস্য তাদের বাঁচাতে কোনো ব্যবস্থা নেননি।" তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। নিহত শামস্ রহিম শাম্মামের বাবা সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহিম ও একই কথা বলেন। তিনি বলেন, তার ছেলে পাঁচজন শিক্ষকের কাছে লেখাপড়া করে। ঘটনার আগের দিন শিক্ষকদের বেতন দেওয়ার জন্য তাকে আট হাজার টাকা দিয়েছিলাম। সে টাকা ঘটনার সময়ও তার কাছে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/পিবি/পিডি/২২১২ ঘ.