ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সার্বিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা একান্তভাবে দরকার।
যোগাযোগ, পানি ও বিদ্যুতের চাহিদা মেটানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশের (আইইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময়ে শেখ হাসিনা এ সব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "ইতিমধ্যে ১৯০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করা হয়েছে। প্রতিনিয়তই তা বাড়ছে।"
"বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে। বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।"
বার্ষিক উন্নয়ন কর্মসূচির শতকরা ৯২ ভাগ বাস্তবায়নের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "যে যাই বলুক, স্থবিরতা নেই।"
সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "দীর্ঘদিন পর হলেও সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে। সংবিধান জঞ্জালমুক্ত হয়েছে।"
গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনী সংসদে পাস হয়।
রাষ্ট্র ও নাগরিকদের সার্বিক উন্নয়ন এবং উন্নয়নমূলক কাজগুলো দ্রুততার সঙ্গে সম্পন্ন করাই সরকারের মূল লক্ষ্য হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমাদেও মূল লক্ষ্য হচ্ছে- ৩৫ বছর পর যে রাজনৈতিক ধারা শুরু করলাম, তা বজায় রাখা।"
প্রধানমন্ত্রী কারো নাম উল্লেখ না করে বলেন, অনেকে ক্ষমতায় আসে অর্থ-সম্পদের মালিক হওয়ার জন্য।
"এবার মনে হয় তারা উপলব্ধি করেছে- টাকা দিয়ে সব কিছু হয় না। অবৈধভাবে টাকা বানালে সব কিছু পাওয়া যায় না। এতে ব্যক্তি বিশেষের লাভ হয়। দেশের সার্বিক উন্নয়ন হয় না।"
প্রধানমন্ত্রী কৃষিজমি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের সভাপতি নুরুল হুদা ও সাধারণ সম্পাদক আব্দুস সবুরের নেতৃত্বে প্রতিনিধি দল শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৫৬ ঘ.
bdnews24