পাবনা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা সদর উপজেলায় এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার বিকালে শহরের পাথরতলা মহল্লায় এ হামলায় নিহত তৌহিদ হোসেন (২৫) পাথরতলা মহল্লার হাছান আলীর ছেলে।
সদর থানার ওসি এএইচএম এনায়েত উদ্দীন জানান, বিকাল ৩টার দিকে যুবলীকর্মী তৌহিদ শহরের জিলাপাড়া এলাকা দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন যুবক তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
এলাকার লোকজন তাকে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
তবে কারা এ হামলা করেছে তা পুলিশ জানাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১৫৮ ঘ.
bdnews24