২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আন্দোলনের মুখে হল সুপারের পদত্যাগ

ছাত্রীদের দাবির মুখে হল সুপারের পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক জহিরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীদের দাবির মুখে হল সুপারের পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক জহিরুল ইসলাম। অবশ্য ওই শিক্ষককে ইনস্টিটিউট থেকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রীরা। বৃহস্পতিবার বিকালে অধ্যক্ষ আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই শিক্ষক তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি ছাত্রীদের দাবি মেনে হোস্টেলে একজন মহিলা সুপারিনটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। পদত্যাগ পত্র পাওয়ার পর ছাত্রীদের জানানো হয়েছিলো কিনা জানতে চাইলে অধ্যক্ষ বলেন, "ছাত্রীদের সঙ্গে কথা বলতে চেয়েছি। তারা আসেনি।" শিক্ষার্থীদের মানববন্ধন এর আগে দুপুরে উত্ত্যক্ত এবং অনিয়মের অভিযোগ এনে ওই শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করে ছাত্রীরা। এতে দুই শতাধিক ছাত্রী অংশ নেয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে লিখিত বক্তব্যে জহিরুলের বিরুদ্ধে ছাত্রী হয়রানি এবং আর্থিক দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ছাত্রীরা। তারা অভিযোগ করেন, জহিরুল ইসলাম ছাত্রীদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতেন। এ ছাড়া বিভিন্ন সময়ে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। শারীরিক শিক্ষার ব্যবহারিক ক্লাসে ছাত্রীদের ব্যায়াম করার ভিডিও চিত্র ধারণের অভিযোগও আনা হয় ওই শিক্ষকের বিরুদ্ধে। এদিকে, আন্দোলন শুরুর পর ওই শিক্ষকের অব্যাহতি দেওয়াকে প্রহসন বলে মনে করেন শিক্ষার্থীরা। কয়েকজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৪ জুলাই অধ্যক্ষকে তারা বিষয়টি লিখিতভাবে বিষয়টি জানিয়েছিলেন। তবে সে সময় তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় বৃহস্পতিবার মানববন্ধন করেছেন। আন্দোলন শুরুর পর বিভিন্ন শিক্ষককে দিয়ে ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। জহিরুল ইসলামকে ইনস্টিটিউট থেকে অপসারণ না করা পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না বলেও ঘোষণা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/১৮২৭ ঘ.