ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন করেছে মিরপুরের কয়েক হাজার মানুষ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে মিরপুর ১ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত এ কর্মসূচি চলে। দুপুর ১টা পর্যন্ত কর্মসূচি চলার কথা থাকলেও বৃষ্টির কারণে ১২টায়ই তা শেষ হয়।
বিভিন্ন বয়সি নারী-পুরুষ ছাড়াও স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও হাতে হাত ধরে মানববন্ধনে অংশ নেয়।
এ কর্মসূচির কারণে গাড়ি চলাচল বন্ধ না হলেও ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
গত সোমবার শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ঢাকার ছয় ছাত্র নিহত হয়। নিহতরা মিরপুরের দারুস সালাম ও শ্যামলী এলাকার বাসিন্দা।
স্থানীয়রা নিহতদের ডাকাত বলে দাবি করলেও তার প্রমাণ মেলেনি। গণপিটুনিতে মারার এ ঘটনা তদন্ত হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ইতোমধ্যে জানিয়েছেন।
পিটিয়ে ছাত্র মারায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, সরকারের কাছে বুধবার তা জানতে চেয়েছে হাইকোর্ট।
ওই ছাত্রদের জীবন রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন সংবিধান বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১২১৫ ঘ.
bdnews24