কক্সবাজার, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ উপজেলায় মঙ্গলবার সকালে পাহাড়ি ঢলে ভেসে গিয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
এছাড়া সোমবার ভোর একটি ট্রলারডুবি হয়ে নুরুল আমিন নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা।
নিহত ইরফানুল ইসলাম (১৬) স্থানীয় উমিদিয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র। সে হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার রক্ষইন পাড়ার মোহাম্মদ আশরাফুজ্জামানের ছেলে।
হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে ইরফান বাড়ির পাশের খালে পাহাড়ি ঢলে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে ভেসে যায়। ঘণ্টাখানেক পর তার মৃতদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সালাম সাংবাদিকদের জানান, সোমবার ভোরে নাফ নদীর বদর মোকাম এলাকায় বাতাসের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।
ট্রলারে থাকা তিন জেলের মধ্যে দুই জন সাঁতরে কূলে উঠলেও একজন নিখোঁজ রয়েছে।
সোমবার থেকে কক্সবাজার জেলায় টানা বৃষ্টিপাত হচ্ছে। বহু নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২১ ঘ.
bdnews24