২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজার নিয়ন্ত্রণে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত চায় হাইকোর্ট

রমজানে ঢাকা ও চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজার তদারকি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 09:16 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে ঢাকা ও চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজার তদারকি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এজন্য ভ্রাম্যমাণ আদালতের চাহিদা অনুসারে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছে আদালত। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের পদক্ষেপ না নেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত। এর জবাব দিতে বাণিজ্যসচিব, খাদ্যসচিব, ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসককে ১০ দিন সময় দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ গত রোববার রিট আবেদনটি দায়ের করেন। তিনি নিজেই আদালতে শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৫০৬ ঘ.