২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন ইন্দিরা গান্ধী

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৫ জুলাই তার পূত্রবধূ সোনিয়া গান্ধীর কাছে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 08:58 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৫ জুলাই তার পূত্রবধূ সোনিয়া গান্ধীর কাছে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্বাধীনতা সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বৈঠকের এ সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া অটিজম বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ২৫ জুলাই ঢাকায় আসছেন। তখন বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে তার হাতে ইন্দিরার সম্মাননা তুলে দেবেন। এ বছরের ৭ মার্চ মন্ত্রিসভার বৈঠকে স্বাধীনতার ৪০তমবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখায় ইন্দিরা গান্ধীসহ বিভিন্ন দেশের ৪৫ জন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি সংগঠনকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। বাংলাদেশ সরকার বিদেশি নাগরিকদের তিন ধরনের সম্মাননা দিয়ে থাকে। সেগুলো হলো- স্বাধীনতা সম্মাননা, মুক্তিযুদ্ধ সম্মাননা এবং মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। এর মধ্যে স্বাধীনতা সম্মাননাই সবচেয়ে মর্যাদার, যা পাচ্ছেন ইন্দিরা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করার পর এ ভূখণ্ডের লাখ লাখ মানুষকে আশ্রয় দিয়েছিলো ভারত। সমর ও কূটনৈতিক সহায়তা দিয়েছিলো বাংলাদেশের অস্থায়ী সরকারকে। বাংলাদেশের অস্থায়ী সরকারের স্বীকৃতি আদায়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা। যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও এ প্রক্রিয়া এগিয়ে নিতে অনেক দেশও সফর করেন তিনি। যুদ্ধপরবর্তী বাংলাদেশ গড়ার কাজেও ইন্দিরার সহযোগিতা পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইন্দিরার জন্ম ১৯১৭ সালের ১৯ নভেম্বর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং কমলা নেহেরুর একমাত্র সন্তান ইন্দিরা ১৯৬৬ সালে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ১৯৮০ সালে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হন তিনি। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দিল্লির জনপথ রোডের প্রধানমন্ত্রী ভবনে শিখ দেহরক্ষীদের গুলিতে প্রাণ হারান ইন্দিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরআরডি/এমআই/১৭০৭ ঘ.