গোপালগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জ শহরে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
এরমধ্যে পাঁচজন হন গুলিবিদ্ধ। সংঘর্ষের সময় ২৫টির মতো বাড়িঘরে হামলা ও ভাংচুর চালানো হয়।
রোববার রাত এবং সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিয়াপাড়া ও গেটপাড়ার মধ্যে এ সংঘর্ষ চলে।
গুলিবিদ্ধ রুবেল কাজী (২২), গোলজার হোসেন (২৩), আফজাল কাজী (১৬), সুমন (১৬) ও খায়রুল সিকদারকে (১৮) শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া গুরুতর আহত শামীম শেখ নামে একজনকে খুলনায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ চারজকে আটক করেছে।
এলাকার কাউন্সিলর কবীর মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মিয়াপাড়া ও গেটপাড়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিলো। কয়েকদিন আগে গেটপাড়ার এক যুবককে কালিবাড়ির নামযজ্ঞের মেলায় মিয়াপাড়ার লোকজন মারধর করে।
এর জের ধরে রোববার রাতে দু'পাড়ার লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় মিয়াপাড়ার বাসিন্দা পুলিশ কর্মকর্তা এস এম মনিরুজ্জামানের বাড়িসহ কয়েকটি বাড়িঘরে হামলা হয়।
আহত হন ঝন্টু (৩২) ও আবু তাহের (৩৫) নামের দুইজন। তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিয়াপাড়ার বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী খাইরুল ইসলাম (৩৫) ও রনি (১৮) জানান, সোমবার সকাল ১০টার দিকে দু'পাড়ার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো হতে বলা হয়। এরপরই লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকবার পিছু হটে। এসময় উভয়পক্ষ গুলি ছোঁড়ে।
তারা জানান, এই ঘটনায় গুলিবিদ্ধ পাঁচ জন ও আহত অনেককে শহরের লাবিবা ক্লিনিক, পলি ক্লিনিক, গোপালগঞ্জ সার্জিক্যাল ক্লিনিক ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে গেটপাড়া ও মিয়াপাড়ায় যানচলাচল বন্ধ হয়ে যায়। বাড়িঘরে মহিলা ও শিশুরা অবরুদ্ধ হয়ে পড়েন। অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি কাজী মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, সংঘর্ষে জড়িত অভিযোগে পুলিশ লিজান (১৮), অনিক (১৭), মফিজুর রহমান (২২) ও রনি আহম্মেদ নামে চার জনকে গ্রেপ্তার করেছে। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে।
তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দু'পক্ষের লোকজনকে নিয়ে সালিশ বৈঠক আয়োজন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩৮ ঘ.
bdnews24