২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় দুর্ঘটনাস্থলে দুই মন্ত্রী, বাস উদ্ধার চলছে

রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় খাদে পড়ে যাওয়া বাসটি পুরোপুরি তোলা না গেলেও তল্লাশি চালিয়ে কোনো মৃতদেহ পায়নি ডুবুরিরা। ঘটনাস্থলে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2011, 03:44 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরার আশকোনা এলাকায় খাদে পড়ে যাওয়া বাসটি পুরোপুরি তোলা না গেলেও তল্লাশি চালিয়ে কোনো মৃতদেহ পায়নি ডুবুরিরা। ঘটনাস্থলে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী। আশকোনা থেকে শাহজালাল বিমানবন্দরের দিকে আসা বাসটি রোববার সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনায় পড়ে বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে। দুপুর ১২টা পর্যন্ত বাসটি পুরোপুরি তোলা না গেলেও তাতে তল্লাশি চালিয়েছে ডুবুরি দল। অগ্নিনির্বাপক বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। বাসটি টিনে পানির ওপর অর্ধেক তোলা হয়েছে। ডুবুরি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি কয়েকবার পুরো বাসে তল্লাশি চালিয়েছি। টিফিন বক্স ও ব্যাগ ছাড়া আর কিছু পাইনি। বাসের পাশের ৩০ ফুট এলাকায় তল্লাশি চালিয়েও কোনো মৃতদেহ পাইনি।" বাসের নিচে কেউ চাপা পড়েছে কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি ডুবুরিরা। বাসটি পুরোপুরি তোলা হলে তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা সৈয়দ হোসেন খান। বাসে অন্তত ২০ জন যাত্রী ছিলো বলে অসিউর রহমান নামে এক আরোহী জানিয়েছেন। বাসটি ডুবে যাওয়ার পর তিনি সাঁতরে কূলে উঠেন। গাজীপুরের ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষক অসিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাজীপুর যাওয়ার জন্য আমি দক্ষিণ খানের নর্দা থেকে বাসটিতে উঠি। হাজি ক্যাম্পের কাছে তালতলা এলাকায় এটি গড়িয়ে জলাশয়ে পড়ে যায়। সম্ভবত চালক ঘুমের ঘোরে ছিলো।" "বাস ডুবে যাওয়ার পর আমিসহ তিন জন একটি জানালার গ্লাস ভেঙে বেরিয়ে আসি। এক মহিলাকেও বেরিয়ে আসতে দেখেছি", বলেন তিনি। তবে বাসের নিচে বা ভেতরে কেউ আটকা পড়েছিলো কি না, তা নিশ্চিত করতে পারেননি অসিউর। জানা যায়নি বাসচালকের খবরও। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ১১টার দিকে দুর্ঘটনাস্থলে যান। এ দুর্ঘটনা তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি। এলাকাবাসী বলছেন, সড়কটি খারাপ হওয়ায় সেখানে দুর্ঘটনার শঙ্কা সব সময়ই রয়েছে। নিজের এলাকার এ রাস্তার বেহাল অবস্থা নিয়ে সাহারা সাংবাদিকদের বলেন, এ বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাস্থলে উপস্থিত যোগাযোগমন্ত্রী তখন বলেন, "বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের।" স্থানীয়রা জানিয়েছেন, ২৭ নম্বর এ বাসটি গাজীপুর-আজিমপুর রুটের। দক্ষিণ খানে গ্যারেজ থেকে এটি গাজীপুর যাচ্ছিলো। পথে কিছু যাত্রী তুলে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/১২১০ ঘ.