২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধে হত্যার অভিযোগে মামলা

মুক্তিযুদ্ধ চলাকালে বাবা ও দুই ছেলেকে হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে গাইবান্ধায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 04:37 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

গাইবান্ধা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ চলাকালে বাবা ও দুই ছেলেকে হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে গাইবান্ধায়। গোবিন্দগঞ্জ থানায় বৃহস্পতিবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। শুক্রবার মামলার প্রাথমিক তদন্ত কাজ শুরু হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, উপজেলার কাটাবাড়ী গ্রামের প্রয়াত জিয়াউদ্দিন মণ্ডলের ছেলে মহির উদ্দিন মণ্ডল ২০০৯ সালে গাইবান্ধার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে একটি পিটিশন মামলা (৬৪৮/০৯) দায়ের করেন। বৃহস্পতিবার আদালত মামলাটি আমলে নিয়ে রেকর্ড করার জন্য গোবিন্দগঞ্জ থানাকে নির্দেশ দেয়। মামলায় ১০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০জনকে আসামি করা হয়। এরা হলেন উপজেলার শ্রীমুখ গ্রামের মোফাজ্জল ওরফে মোফা, কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ কলোনির পাঁচ সহোদর আব্দুল করিম খান, শামিম খান, আব্দুল মজিদ খান, সরফ উদ্দিন খান, শামছুল ইসলাম খান, হামিদপুর চিত্তাপাড়া গ্রামের সেকেন্দার আলী, আব্দুর রশিদ, বগুড়াপাড়ার শহীদ আলী ও মালিকাবাদ গ্রামের ইসমাইল হোসেন। মামলায় তাদের রাজাকার বলে উল্লেখ করা হয়। মামলার বরাত দিয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, ১৯৭১সালের ১০মে রাতে রাজাকার কমান্ডার মো. মোফাজ্জল ওরফে মোফা অপর আসামিদের নিয়ে বাদির বাড়ি যায়। সেখান থেকে জিয়াউদ্দিন মণ্ডল, তার দুই ছেলে অমেশ মণ্ডল ও মোনা মিয়া মণ্ডলকে বেঁধে উপজেলার হেলালী পাড়ায় নিয়ে যায়। হেলালীপাড়ায় তাদের নির্যাতন চালিয়ে হত্যা করে লাশ তেলেংগা মাল পাহাড়ির কুয়ায় ফেলে মাটি চাপা দেয়। তাদের পেছনে থেকে গোপনে বাদী মহির উদ্দিনসহ এলাকার আরো কয়েকজন এ ঘটনা দেখে ফেলেন। মামলায় আরো অভিযোগ করা হয়, আসামিরা মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটসহ নানা অপকর্মে লিপ্ত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩১ ঘ.