নারায়ণগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জ উপজেলার আধুরিয়ায় একটি বাস ও লেগুনা নামের যাত্রীবাহী একটি হলারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষে বাস ও লেগুনা দু'টিই খাদে পড়ে যায়। এতে ৩ জন ঘটনাস্থলেই মারা যায়। বাসের চালক পালিয়ে গেছে।
রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, নরসিংদীর আমদিয়ার সাতগ্রাম এলাকার একাব্বর আলীর (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাচঁরুখী গ্রামের শামিমুল হক (৩২) ও তার স্ত্রী নার্গিস আক্তার (২৬) মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২১৫ ঘ.
bdnews24