২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেপরোয়া গাড়িচালনা ঠেকাতেও নামছে ভ্রাম্যমাণ আদালত

মিরসরাই ট্রাজেডির পর এবার বেপরোয়া গাড়ি চালনা ঠেকাতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করতে যাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা/চাঁদপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাই ট্রাজেডির পর এবার বেপরোয়া গাড়ি চালনা ঠেকাতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সারাদেশে নিয়মিতভাবে ভাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। এর আগে নারীদের উত্ত্যক্ত করা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এছাড়া খাদ্যে ভেজাল প্রতিরোধেও কাজ করেছে ভ্রাম্যমাণ আদালত। সচিব সোবহান সিকদার সাংবাদিকদের বলেন, "শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভা করে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।" সোমবার চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ছোট ট্রাক রাস্তার পাশে ডোবায় পড়ে ৪৩ স্কুলছাত্রসহ ৪৪ জনের মৃত্যু হয়। মিরসরাই স্টেডিয়ামে স্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফিরছিলো তারা। অভিযোগ রয়েছে, ট্রাকচালকের বেপরোয়া ভাবই এ দুর্ঘটনার কারণ। দুর্ঘটনার আগে ওই চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। মিরসরাইয়ের সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে দুঃখ প্রকাশ করে সচিব বলেন, ট্রাকে যেন মানুষ পরিবহন করতে না পারে সে বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হবে। মহাসড়কগুলোর পাশে হাট-বাজার বসা, ট্রাফিক সঙ্কেত না থাকা এবং ব্যাটারিচালিত ছোট যানবাহনের চলাকেও দুর্ঘটনা বাড়ার কারণ বলে মনে করেন তিনি। সচিব বলেন, দুর্ঘটনা প্রতিরোধে যোগাযোগ মন্ত্রণালয়ের জাতীয় সড়ক পরিবহন কমিটির সঙ্গে সভা করে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকার আশেপাশে মহাসড়কের পাশে পাঁচটি হাটবাজার সরানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে সচিব এ কথা জানানোর এক ঘণ্টা আগে চাঁদপুরে বেআইনিভাবে গাড়ি চালানোর অপরাধে এক ট্রাকচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর দেড়টার দিকে হাজীগঞ্জ উপজেলায় এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজম। সাজাপ্রাপ্ত ট্রাকচালকের নাম মো. জয়নাল (২৫)। তার বাড়ি কুমিল্লার চান্দিনা এলাকায়। তাকে ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গাউছুল আজম সাংবাদিকদের বলেন, নিয়মনীতি না মেনে গাড়ি চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মটরযান আইনে ট্রাকচালক জয়নালকে সাজা দেওয়া হয়। জয়নাল চাঁদপুরে রেণু পোনা পৌঁছে দিয়ে ট্রাক নিয়ে কুমিল্লা ফিরছিলো। পথে হাজীগঞ্জ উপজেলা পরিষদ ভবনের সামনে ভ্রাম্যমাণ আদালতের কব্জায় পড়েন তিনি। সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরো নয়টি গাড়ির চালককে ১৩ হাজার টাকা জরিমানা ও একটি মাইক্রোবাস আটক করা হয়। এ বিষয়ে গাউছুল আজম বলেন, "চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অভিযান চালানো হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/এমআই/১৭০৫ ঘ.