২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-ভাই ফিরলেও তারেক ফিরলো না

বাবা আর ছোট ভাইয়ের সঙ্গে মিরসরাই স্টেডিয়ামে বসে খেলা দেখেছিল আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র তারেক হোসেন। বাবা-ভাই ফিরলেও তারেকের আর বাড়ি ফেরা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

মিঠুন চৌধুরী মিরসরাই থেকে চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবা আর ছোট ভাইয়ের সঙ্গে মিরসরাই স্টেডিয়ামে বসে খেলা দেখেছিল আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র তারেক হোসেন। বাবা-ভাই ফিরলেও তারেকের আর বাড়ি ফেরা হয়নি। সোমবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে আবু তোরাব বাজার ও বড় তাকিয়া সংযোগ সড়কের মায়ানি সৈয়দ আলী গ্রামে স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যে ৪৪ জনের মৃত্যু হয় তাদের মধ্যে তারেকও একজন। মঙ্গলবার বেলা ৩টার দিকে মধ্যম মায়ানি গ্রামে তারেকের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে বসে আহাজারি করছেন তার মা। তারেকের কথা জিজ্ঞেস করতেই বাবা জয়নাল আবদীন কান্নায় ভেঙে পড়েন। পেশায় অটোরিকশা চালক জয়নাল জানান, সোমবার সকালে দুই ছেলেকে নিয়ে গিয়েছিলেন মিরসরাই স্টেডিয়ামে। "পাঁচটা অটোরিকশায় করে আবু তোরাব প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের স্টেডিয়ামে নিয়ে যাই আমরা। আমার সঙ্গে ছোট ছেলে শাহদাতও ছিল। আর হাইস্কুলের ছেলেরা গিয়েছিল ট্রাক ভাড়া করে। তারেক ছিল ট্রাকে।" স্টেডিয়ামে পৌঁছে শাহদাত আর তারেককে সঙ্গে নিয়ে খেলা দেখেন জয়নাল। খেলার ফাঁকে ডালপুরি আর পিঁয়াজু খাওয়ান ছেলেদের। আবু তোরাব প্রাইমারি স্কুল হেরে যাওয়ায় খেলা শেষে তারেকের মন খারাপ ছিল। সে বাবাকে বলে, "শাহদাতকে নিয়ে সিএনজিতে চলে যাও। আমি ট্রাকেই ফিরব।" এরপর অটোরিকশা চালক জয়নাল ছোট ছেলেকে নিয়ে ফিরে আসেন আবু তোরাব বাজারে। জয়নাল বলেন, "বাজারে এসেই শুনতে পাই, দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলে আমার কচুরিপানার মধ্যে পড়ে আছে। মস্তাননগরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানালো- তারেক মারা গেছে।" আড়াই মাস আগে কক্সবাজারে বেড়াতে গিয়েছিল তারেক। সমুদ্র সৈকতে তোলা তার ছবি দেখিয়ে ডুকরে কাঁদতে থাকেন জয়নাল আবেদীন। বাড়িতে বললে খেলা দেখতে যেতে দেবে না- এ কারণে অভিভাবকদের না জানিয়েই মিরসরাই স্টেডিয়ামে গিয়েছিল আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সুজন। ট্রাক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাকেও। সুজনের বাবা আবু রিদোয়ান মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছেলে আমার কথার অবাধ্য কখনো হয়নি। খেলা দেখতে যেতে চাইলে হয়তো না করতাম- এ কারণে না বলেই সে চলে গেল।" দুই ছেলেমেয়ের জনক আবু রিদোয়ান সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ওমানের কাজ ছেড়ে দিয়ে গত বছর পাকাপাকিভাবে দেশে ফিরে আসেন। তিনি বলেন, "সোমবার দুপুরে নামাজ পড়তে গেলাম মসজিদে। ফিরে এসে শুনি দুর্ঘটনায় আমার সব শেষ হয়ে গেছে।" মঙ্গলবার আবু তোরাব বিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি। মৃত শিক্ষার্থীদের তালিকা করতে শিক্ষকদের ব্যস্ত দেখা যায়। স্থানীদের চোখে-মুখে ছিলো শোকের ছাপ। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণহানিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তিন দিনের শোক পালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২২৩১ ঘ.