ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এখন পর্যন্ত দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।
মঙ্গলবার রাষ্ট্রের দুর্নীতি দমন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ফররুখ আহমেদ নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বর্তমান সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমাদের কাছে আসেনি।"
এলে ব্যবস্থা নেওয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, "দুদকের আইন অনুযায়ী বাংলাদেশের যে কোনো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এলে তার তদন্ত করা হয়। এরপর সম্পত্তির হিসাব দাখিল করতে বলা হয়। হিসাব না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এই আইনের বাইরে কেউ নয়।"
গত ৪ জুলাই মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় মন্ত্রী, প্রতিমন্ত্রী বা এর সমমর্যাদার ব্যক্তিদের সম্পদের হিসাব প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে হবে।
প্রধানমন্ত্রী কাছে দেওয়া হিসাব বিবরণী দুদক যাচাই করে দেখবে কি না- এ প্রশ্নের জবাবে ফররুখ বলেন, "সেটা আলাদা বিষয়। অভিযোগ এলে দুদক তার মতো করে কাজ করবে।"
পুঁজিবাজারে কারসাজির অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি দল কাজ করছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত জুন মাসে কমিশন ৮৮টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে। এতে ১৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬০ জন সরকারি চাকরিজীবী, ৩৭ জন বেসরকারি চাকরিজীবী। এর মধ্যে ১২ জন জনপ্রতিনিধিও রয়েছে।
ওই মাসে অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে ৫৬টি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে। এতে বিভিন্ন পেশার ১৪৩ জনকে আসামি করা হচ্ছে।
একই সময়ে ৬৭২টি অভিযোগ কমিশনে এসেছে। এর মধ্যে অনুসন্ধনের জন্য আমলে নেওয়া হয়েছে ১২১টি। বাকিগুলো নথিভুক্ত করা হয়েছে।
জুন মাসে কমিশনের দায়ের করা ২৩টি মামলার রায় হয়েছে বলে জানান ফররুখ। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মামলাটিও রয়েছে।
এছাড়া ঘুষ নেওয়ার অপরাধে দুদকের সহকারী পরিচালক জাকির হোসেনসহ দুজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24