ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যর একটি তদন্ত কমিটি করেছে যোগাযোগ মন্ত্রণালয়।
সোমবার সন্ধ্যায় যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নির্দেশে এই কমিটি করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ইবনে আলম হাসানকে।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যোগাযোগমন্ত্রী দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
চট্টগ্রামের মিরসরাই এলাকায় সোমবার দুপুরে একটি ট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের অধিকাংশই স্কুলছাত্র। মিরসরাই স্টেডিয়ামে বন্ধবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফিরছিল তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/২০৪৩ ঘ.
bdnews24