ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুনের দায়ে মহিউদ্দিন বাবলু নামে এক বাংলাদেশি নাগরিককে ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ হস্তান্তরের কাজ সম্পন্ন হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার পার্থ গোপাল বণিক জানান।
জেল সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার কাছে বাবলুকে হস্তান্তর করা হয়েছে। তাদের কাছ থেকে ব্রিটিশ সরকারের বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের প্রতিনিধি বাবলুকে গ্রহণ করেন।
পার্থ জানান, সিলেট জেলার বাসিন্দা মহিউদ্দিন বাবলু যুক্তরাজ্যে থাকাকালে ১৯৯৭ সালে এক ব্রিটিশ নাগরিককে হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসেন।
বাংলাদেশে একটি অস্ত্র মামলায় বাবলুর ১০ বছরের কারাদণ্ড হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি সাজা ভোগ করছিলেন।
পার্থ আরো জানান, বাবলুর আটকের খবর ব্রিটিশ সরকার জানতে পেরে ওই খুনের অভিযোগে তাকে ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তরে জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেন।
এ কারণে অস্ত্র মামলার সাজার মেয়াদ ২০০৮ সালে শেষ হলেও ওই আবেদনের কারণে এতোদিন বাবলুকে জেলহাজতে আটক রাখা হয়।
বাবলুর আটকাদেশের বিরুদ্ধে তার বাবা উচ্চ আদালতে ক্রিমিনাল মিস কেস করলে উচ্চ আদালত এ মামলা খারিজ করে দিয়ে বাবলুকে ব্রিটিশ সরকারের কাছে বহিঃসমর্পণের তাগিদ দেয় বাংলাদেশ সরকারকে।
উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ 'দ্য এক্সট্রাডিকশন অ্যাক্ট, ১৯৭৪'র অধীনে বাবলুকে বহিঃসমর্পণের সিদ্ধান্ত নেয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/আরএম/পিডি/১৮৩৪ ঘ.
bdnews24