২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে তৈরি পোশাক রপ্তানি বাড়বে: বাণিজ্যমন্ত্রী

ভারতের বাজারে ৬১টি বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়টি দিল্লির বিবেচনায় থাকায় তৈরি পোশাক খাতে (আরএমজি) রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 05:09 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বাজারে ৬১টি বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের বিষয়টি দিল্লির বিবেচনায় থাকায় তৈরি পোশাক খাতে (আরএমজি) রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। ওই ৬১টি পণ্যের মধ্যেই প্রায় ৫০টি তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট। বাণিজ্যমন্ত্রী ফারুক খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী দিনগুলোতে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য সহযোগিতা অনেক বাড়বে। খুব শিগগিরই ৬১টি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।" তবে সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ই এ ঘোষণা আসবে কি না সে বিষয়টি নিশ্চিত করেননি তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত তৈরি পোশাক খাতে পণ্যের শুল্কমুক্ত কোটা ৮০ লাখ থেকে বাড়িয়ে এক কোটি করেছে এবং এ বছর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। ভারতে তৈরি পোশাকসহ অন্য সব পণ্যের নিয়ন্ত্রণমুক্ত প্রবেশাধিকার চায় বাংলাদেশ। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় আড়াইশ' কোটি ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আগামী ২৩ সেপ্টেম্বর কুড়িগ্রামের সুনামগঞ্জে সীমান্ত হাট উদ্বোধন হতে যাচ্ছে। "ভারত থেকে বাণিজ্য সুবিধা বাড়িয়ে ঘাটতি কমাতে জোর চেষ্টা চালাচ্ছি আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২২৫৮ ঘ.