২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাসেই সোনিয়ার হাতে ইন্দিরার সম্মাননা

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্মাননা চলতি মাসেই তার পুত্রবধূ সোনিয়া গান্ধীর হাতে তুলে দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 04:29 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্মাননা চলতি মাসেই তার পুত্রবধূ সোনিয়া গান্ধীর হাতে তুলে দেওয়া হবে। অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের ওপর এক সেমিনারে যোগ দিতে আগামী ২৫ জুলাই ঢাকা আসছেন ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি নাগরিকদের সম্মাননা জানাতে গঠিত জাতীয় কমিটির বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "এ বিষয়ে পুরো কার্যক্রম প্রায় চূড়ান্ত করে ফেলেছি এবং এ সফরেই আনুষ্ঠানিকভাবে সোনিয়া গান্ধীর কাছে ওই সম্মাননা হস্তান্তর করা হবে।" ইন্দিরা গান্ধীকে সম্মাননা জানানোর প্রস্তাব অনুমোদনের জন্য আগামী ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "সম্মাননা হস্তান্তর অনুষ্ঠান বঙ্গভবনে হবে বলে আশা করা হচ্ছে। তবে তার ব্যস্ত সূচির কারণে আমরা কোনো জাকজমকপূর্ণ অনুষ্ঠান করতে পারছি না।" স্বাধীনতা যুদ্ধের সময় যেসব রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, শিল্পী, লেখক, দার্শনিক, বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী, ছাত্র, সাংবাদিক, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সদস্য, প্রতিরক্ষা কর্মী এবং কূটনীতিবিদ ও নারী নেতারা বাংলাদেশের পক্ষে অবদান রেখেছিলেন তাদের তালিকা তৈরির জন্য ওই জাতীয় কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এএল/২২০৬ ঘ.