ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের 'অভিযুক্ত' অন্য শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
রোববার পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, 'কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত পর্ষদের জরুরি সভায় অভিযুক্ত অন্য শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিমল জয়ধরকে গত ৬ জুলাই গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ৭ জুলাই তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির আরো কয়েক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। তাদের শাস্তির দাবিতে শনিবার মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতে সভায় উদ্বেগ প্রকাশ করে প্রতিষ্ঠানের আন্দোলনরত ছাত্রী ও তাদের অভিভাবকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে পরিচালনা পর্ষদের সদস্যরা।
'একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম রক্ষা করা এবং পরিস্থিতি স্বাভাবিক রেখে শিক্ষা কার্যক্রম অব্যহত রাখার জন্য ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকের প্রতি আহ্বান জানানো হয়েছে। সভায় পর্ষদের আট জন সদস্য উপস্থিত ছিলেন।"
এর আগে কলেজের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্ষদের সদস্যরা শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সচিবালয়ে দেখা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০৫৭ ঘ.
bdnews24