২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত: কালিহাতীতে ভাই-বোনের কারাদণ্ড

এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ভাই-বোনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

টাঙ্গাইল, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ভাই-বোনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে তাদেরকে এ দণ্ড দেওয়া হয়। ভাইবোন দুজন হলো কালিহাতী পৌর এলাকার থানা পাড়ার বাসিন্দা সোহরাব আলীর ছেলে কামরুল ইসলাম (২০) ও মেয়ে সেলিনা আক্তার (১৮)। কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, রাজাবাড়ি গ্রামের এলেঙ্গা জিতেন্দ্রবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে কামরুল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। কামরুলের ছোট বোন সেলিনা রোববার দুপুরে কামরুলকে বিদ্যালয়ের ফটকের সামনে রেখে ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে ওই ছাত্রীকে বাইরে নেয়ার চেষ্টা চালায়। সেলিনার আচরণ দেখে সন্দেহ হলে বিদ্যালয়ের শিক্ষকরা তাকে সেখানে আসার কারণ জিজ্ঞাসা করেন। এ সময় সেলিনা দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে ফেলে। তারা কামরুলকেও আটক করে। পরে পুলিশ এসে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। সেখানে ভ্রাম্যমাণ আদালত কামরুলকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও বোন সেলিনা আক্তারকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯২৩ ঘ.