২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬টি শক্তিশালী বোমা উদ্ধার

নগরীর বন্দরটিলা হুন্দুল পাড়া এলাকায় একটি চারতলা ভবন থেকে ছয়টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 10:40 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দরটিলা হুন্দুল পাড়া এলাকায় একটি চারতলা ভবন থেকে ছয়টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- শফিকুল ইসলাম মনির (৩০), রাজু শিকদার (২১) এবং মুজিবুর রহমান (৩৭)। রোববার দুপুর ২টার দিকে বন্দর থানাধীন চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) সংলগ্ন হুন্দুল পাড়ার আজিজ বিল্ডিংয়ের চতুর্থ তলার ফ্ল্যাটের শৌচাগারের ওপরের কার্নিশ থেকে প্লাস্টিকের থলেতে মোড়ানো অবস্থায় এসব বোমা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি ওয়াকিটকি সদৃশ বোমাও রয়েছে। এছাড়া থলে থেকে একটি চিরকুট এবং ৩০০ গ্রামের মতো সালফার পাউডারও উদ্ধার করা হয়। উদ্ধার করা বোমাগুলো কোনো জঙ্গি সংগঠনের বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তিনজনই এক ভবনে থাকতেন শফিকুল ও রাজু চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) ইয়াংওয়ান কর্পোরেশনের একটি কারখানায় চাকরি করেন। রাজু এলাকায় 'রাজু হুজুর' নামে পরিচিত। তাদের বাড়ি বরিশালে। তারা দুইজনই আজিজ বিল্ডিংয়ের চতুর্থ তলার একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। মুজিবুর রহমান ওই ভবনের মালিক। সিএমপি বন্দর জোনের সহকারী কমিশনার এমরান হোসেন ভূইঁয়া জানান, আজিজ বিল্ডিংয়ের চতুর্থ তলার ডান পাশের ফ্ল্যাটের চারটি কক্ষে চার পরিবার ভাড়া থাকত। এর তিনটি কক্ষে তিনটি পাহাড়ি পরিবার ভাড়া নিয়ে বাস করছে। অপর কক্ষে গ্রেপ্তার শফিকুল, তার স্ত্রী রুনা এবং রাজু একসঙ্গে থাকতেন। তিনজনই সিইপিজেডে অবস্থিত ইয়ংওয়ান গ্র"পের বিভিন্ন কারখানায় কাজ করে। সাত মাস আগে বাসাটি তারা ভাড়া নেন। আদালতের নির্দেশেল পর নিষ্ক্রিয় করা হবে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (বন্দর) কুসুম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটা সদৃশ পাঁচটি বোমা ও ওয়াকিটকি এবং ৩০০ গ্রামের মতো সালফার পাউডার উদ্ধার করা হয়। "বোমাগুলো শক্তিশালী বলে গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল জানিয়েছে। এছাড়া উদ্ধার হওয়া ওয়াকিটকিটিও এক ধরনের বোমা।" বোমা নিষ্ক্রিয়কারী দলের প্রধান নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী বলেন, "ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) আদলে ছয়টি বোমা বানানো হয়েছে।" বোমাগুলোর সার্কিট অসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, তবে বোমাগুলো নিক্ষেপ করা হলে বিকট শব্দে বিস্ফোরিত হবে। এছাড়া ওয়াকিটকিতে ছয়টি ব্যাটারি এবং বোমা তৈরির উপাদান দেখা গেছে। তিনি জানান, আদালতের নির্দেশের পর বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে। পুলিশ কর্মকর্তা এমরান জানান, শফিকুল বা রাজু এসব বোমাগুলো এনে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে রেখেছে বলে ধারণা করছি। ওই ব্যাগ থেকে উদ্ধার করা চিরকুটের সূত্র ধরে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। 'একে ৪৭টি হুজুর পেয়েছেন' পুলিশ কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া চিরকুটে 'নগরীর চান্দগাঁও ও খুলশীসহ কয়েকটি এলাকায় অভিযানের কথা' উল্লেখ আছে। সম্বোধন ছাড়া ওই চিঠিতে 'একে ৪৭টি হুজুর পেয়েছেন। বন্দর, চান্দগাঁও ও খুলশী এলাকায় অভিযান চালাতে হবে। প্রয়োজনে এনসিটি, এসটি ব্যবহার করতে হবে' লেখা রয়েছে। ওয়াকিটকি সদৃশ বোমাতে 'এনসিটি, এসটি' লেখা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা এমরান হোসেন ভূইঁয়া। কুসুম দেওয়ান বলেন, আমরা চিরকুটের সূত্র ধরে ঘটনা তদন্ত করছি। ইয়ংওয়ানের কারখানা থেকে দুপুরে মনির ও রাজুকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিএনপির সমমনা ১১ দলের হরতাল চলাকালে রোববার সকালে বন্দরটিলা বাজার এলাকা থেকে রোববার ১৬ পিকেটারকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের সঙ্গে এ ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হবে বলে কুসুম দেওয়ান জানান। এই ঘটনায় বন্দর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৩৪ ঘ.