২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে চালু হলো ওএমএস

আগের হরতালে বন্ধ থাকলেও এবার হরতালে চালু ছিলো খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম, এতে সন্তোষ প্রকাশ করেছেন নিম্নবিত্তের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 09:18 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের হরতালে বন্ধ থাকলেও এবার হরতালে চালু ছিলো খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম, এতে সন্তোষ প্রকাশ করেছেন নিম্নবিত্তের মানুষ। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসাইন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে ওএমএস কার্যক্রম বন্ধ রাখলে চাপ বেড়ে যায়। অতিরিক্ত ভিড় সামলাতেই রোববার হরতালের মধ্যে ওএমএস কার্যক্রম চালানো হচ্ছে। এর আগে হরতালে ওএমএস চালু না থাকায় নিুবিত্তের দুর্ভোগ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। আহমেদ হোসাইন জানান, আগামীতে হরতালের কর্মসূচি এলেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ দেওয়ার প্রতিবাদে বিএনপির মিত্র বলে পরিচিত ১১টি দল এক জোট হয়ে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদাভাবে এ হরতাল ডেকেছে। এতে সমর্থন দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। রাজধানীতে খাদ্য অধিদপ্তরের পরিচালনায় ১৫০টি ট্রাকে করে ওএমএস'র চাল ও কিছু ট্রাকে চালের পাশাপাশি আটা বিক্রি হচ্ছে। এক জন ব্যক্তি ২৪ টাকা দরে সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল এবং ২০ টাকা করে সর্বোচ্চ তিন কেজি আটা কিনতে পারছেন। সপ্তাহের পাঁচ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী, খুচরা বাজারে রোববার প্রতিকেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৩২-৩৩ টাকায়। আর নাজিরশাইল ও মিনিকেট বিক্রি হচ্ছে ৪২-৫২ টাকা কেজি দরে। এছাড়া খোলা আটা প্রতিকেজি ২৩-২৬ টাকা এবং প্যাকেট আটা ৩০-৩১ টাকায় বিক্রি হচ্ছে। ঢাকার নয়া বাজারে ওএমএস কার্যক্রম তদরকির দায়িত্বে থাকা খাদ্য উপপরিদর্শক মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালের দিকে লোকজন কম থাকলেও সাড়ে ১০টার পর থেকে লম্বা লাইনের সৃষ্টি হয়েছে। ভিড় বেশি হওয়ায় অনেককেই চাল না নিয়ে ফিরে যেতে হবে বলে জানান তিনি। বাংলা কলেজের সামনে চাল কেনার লাইনে দাঁড়িয়েছেন রিকশা চালক মজিবুর রহমান। হরতালের দিন ওএমএস'র চাল বিক্রি করায় সন্তোষ প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই দিনমুুজুর জানান, হরতালের মধ্যে চাল বিক্রি হচ্ছে খবর শুনেই রিকশা চালানো বাদ দিয়ে চলে এসেছেন। "কম ট্যাকায় চাইল কিনবার না পারলে সংসার চালাতে কষ্ট হয়", বলেন তিনি। রাজধানীর মিরপুর মাজারের সামনে, শেওড়াপাড়া বাসস্ট্যান্ড, কল্যাণপুর নতুন বাজার, কাজীপাড়া বাস স্ট্যান্ড এবং সনি সিনোমা হলের পাশে রোববার সকাল থেকেই ওএমএস'র চাল কেনার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে নিুবিত্তের লোকদের। ওএমএস ডিলার জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্র ও মঙ্গলবার ওএমএস কার্যক্রম বন্ধ থাকে। হরতালেও বন্ধ রাখলে পরের দিনগুলোতে ভীড় বেড়ে যায়। এজন্য হরতালের মধ্যে কার্যক্রম অব্যহত রাখতে খাদ্য অধিদপ্তর থেকে শনিবার রাতে তাদের জানানো হয়েছে। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৫১১ ঘ.

এ সম্পর্কিত আরো খবর