সাভার, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাই উপজেলায় একটি কারখানা থেকে বিপুল পরিমাণ অ্যালকোহল মিশ্রিত এনার্জি ড্রিংকস জব্দ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
বিপুল পরিমাণ রাসায়নিকও তারা জব্দ করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকালে অর্জুনাইল এলাকার 'রুহান ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড'' কারখানায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হয়েছেন- কারখানা মালিকের ভাই খালেকুজ্জামান, কর্মচারী আবু বক্কর, মোকসেদ আলী ও জুয়েল।
উদ্ধার করা হয়েছে- চার হাজার ৪০০ বোতল অ্যালকোহল (ওপিয়েড) মিশ্রিত ডাবল হর্স এনার্জি ড্রিংকস, চার কেজি রাসায়নিক, নয় কেজি সাইট্রিক অ্যাসিড, তিন কেজি পটাসিয়াম সালফেডসহ আরো ২২ কেজি ওজনের দুই ধরনের রাসায়নিক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা সার্কেলের উপ-পরিচালক এসএম মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুহান ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড' কারখানায় তৈরি 'ডাবল হর্স' এনার্জি ড্রিংকসে মাদক দ্রব্য (ওপিয়েড) মিশিয়ে দীর্ঘদিন যাবত বাজারজাত করা হচ্ছিল।
তিনি আরো জানান, এ সময় চার জনকে গ্রেপ্তার করা হলেও কারখানা মালিক মো. সামসুজ্জামান পালিয়ে যান।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা সার্কেলের পরিদর্শক আব্দুল ওহাব খান বাদী হয়ে কারখানা মালিক সামসুজ্জামানকে প্রধান আসামি করে ধামরাই থানায় একটি মামলা (নম্বর ১০) দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০১ ঘ.
bdnews24