বগুড়া, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভটভটির ধাক্কায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের চিকিৎসক আজিজুল হক (৪৮) নিহত হয়েছেন।
শনিবার সকালে শহরতলীর তেলিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকসানা বেগম জানান, আজিজুল হক সকালে মোটরসাইকেল চালিয়ে শজিমেক হাসপাতালে যাচ্ছিলেন। পিছন থেকে একটি ভটভটি ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। ডান হাত ও ডান পা ভেঙে যায়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত চিকিৎসকের স্কুল জীবনের সহপাঠী ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু জানান, আজিজুল হক শিশু ওয়ার্ডের বহির্বিভাগে কর্মরত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০০ ঘ.
bdnews24