২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমায় ঝলসে গেছে মা-মেয়ে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বোমা মেরে মা ও মেয়ের শরীর ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

নারায়ণগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বোমা মেরে মা ও মেয়ের শরীর ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার কলাগাছিয়া দক্ষিণ ঘাড়মোড়া এলাকায় এ হামলা হয়। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আহত নূরুন্নাহার (৪৫) ও তার মেয়ে রুমা আক্তারকে (২৮) বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নূরুন্নাহারের স্বামী মেজবাউদ্দিন বলেন, ভোরে তাদের ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা 'পেট্রোল বোমা' নিক্ষেপ করে। বিকট শব্দে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। চিৎকার শুনে পাশের ঘরে গিয়ে আহত স্ত্রী ও মেয়েকে দেখতে পান। তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। ঘরের কিছু আসবাবপত্রও পুড়ে গেছে। তবে একই ঘরে থাকা তার ছোট মেয়ে কলি অল্পের জন্য রক্ষা পান বলে জানান তিনি। তিনি অভিযোগ করেন, বড় মেয়ে শামসুন্নাহারের তালাক পাওয়া স্বামী ইকবাল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। দাম্পত্য কলহের কারণে তিন বছর আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরিত বস্তুটি পেট্রোল বোমা নয়। এটা কাচের বোতলে স্পিরিট জাতীয় কিছু দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩২ ঘ.