চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধসে পড়া বাটালি পাহাড়ের প্রতিরোধ দেওয়ালের নির্মাণত্র"টি নির্ণয়ে কারিগরি কমিটি গঠনসহ নয় দফা সুপারিশ করেছে সরকারি তদন্ত কমিটি।
বুধবার সন্ধ্যায় কমিটির সদস্যরা তিন পৃষ্ঠার প্রতিবেদনটি চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহমেদের কাছে জমা দেন।
প্রতিবেদনে এর আগে গঠিত শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি কর্তৃক চিহ্নিত ১২টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের অবৈধ বসতি সরিয়ে নেওয়া, অন্যান্য পাহাড়ের প্রতিরোধ দেওয়ালের নির্মাণ কাঠামো ঠিক হয়েছে কি না তা পরীক্ষা করা এবং তা রক্ষণাবেক্ষণের সুপারিশ করা হয়।
গত শুক্রবার সকালে বাটালি পাহাড়ের প্রতিরক্ষা দেওয়াল ও মাটি ধসে পাঁচ পরিবারের ১৭ জনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার করা হয় দুইজনকে।
এ ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করে পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছানে এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এবং তা উত্তরণের জন্য নয় দফা সুপারিশ করেছে।
তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে দুই স্তরবিশিষ্ট প্রতিরোধ দেওয়ালে পানি অপসারণের জন্য কোনো ছিদ্র না থাকা এবং দেয়ালের নিচের দিকে দুর্ঘটনাস্থলের মাটি সরিয়ে নেওয়াকে দায়ী করা হয়।
আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ
প্রতিবেদনে বলা হয়, সিটি কর্পোরেশন নির্মিত ৪৫০ ফুট দৈর্ঘ্য এবং ২৫-৩০ ফুট উচ্চতার প্রতিরোধ দেওয়ালের বাইরের অংশের ৪০ ফুট অংশ ধসে পড়ে। অতি বর্ষণের ফলে চার কোণা ও বক্সটাইপের দেওয়ালের ভেতর পানি জমা এবং দেওয়ালে কোনো পানি নিষ্কাশন ছিদ্র না থাকায় ধসে পড়ে দেওয়ালের কিছু অংশ।
প্রতিবেদনে কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে দেওয়াল ধসের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও সুপারিশ এসেছে।
এ ছাড়া সরকারি মালিকানাধীন ঝুঁকিপূর্ণ যেসব পাহাড় বা পাদদেশের অবৈধ বসতি স্ব স্ব মালিক কর্তৃক উচ্ছেদ, পাহাড়ের পাদদেশে বসতি নির্মাণকারী প্রভাবশালী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, বসতি উচ্ছেদ করে পাহাড়ে কাঁটাতারের ঘেরা দেওয়া এবং সামাজিক বনায়নের আওতায় আনা, বসবাসকারী গরিব-ছিন্নমূল লোকজনদের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুর্নবাসনের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তফা কামাল, বাংলাদেশ রেলওয়ের সহকারী ভূ-সম্পদ কর্মকর্তা আবদুল বারী, চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মনজুর মোরশেদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম।
এ ছাড়া পাহাড় ও প্রতিরক্ষা দেওয়াল ধসের ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিটি কর্পোরেশন গঠিত কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/পিডি/২১৩৯ ঘ.
bdnews24