২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট: সাবেক তিন তদন্ত কর্মকর্তা কারাগারে

২১ অগাস্টের গ্রেনেড হামলার সাবেক তিন তদন্ত কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত, ভবঘুরে জজ মিয়াকে নিয়ে এরাই তদন্ত ভিন্ন খাতে নিতে চেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 04:56 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলার সাবেক তিন তদন্ত কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত, ভবঘুরে জজ মিয়াকে নিয়ে এরাই তদন্ত ভিন্ন খাতে নিতে চেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তিন কর্মকর্তা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অবসরপ্রাপ্ত এএসপি আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত এএসপি মুন্সী আতিকুর রহমান, বিশেষ পুলিশ সুপার মো. রুহুল। গত ৪ জুলাই মামলার সম্পূরক অভিযোগপত্রে আসামি করার পর হত্যামামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। বিস্ফোরক মামলায় অন্য অভিযোগপত্র দেওয়া হয়। এরপর বুধবার সকালে তিন জনই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। হাকিম কেশব রায় চৌধুরী শুনানির পর তাদের তিন জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এ মামলার তদন্ত করেন প্রথমে রশিদ ও পরে আতিক। রুহুল আমিন ছিলেন তদন্ত সমন্বয়ের দায়িত্বে। তদন্ত ভিন্ন খাতের নেওয়ার মাধ্যমে মূল ঘটনা চাপা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলাও হয়। তবে ওই মামলায় তারা হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। শুনানিতে সাবেক তিন সিআইডি কর্মকর্তার আইনজীবী আব্দুস সোবহান তরফদার বলেন, এ তিন জনের বিরুদ্ধে অভিযোগ তারা তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিলেন। এ জন্য আলাদা মামলা রয়েছে। ওই মামলায় তারা জামিনেও রয়েছেন। "তারা গ্রেনেড হামলা করেননি। তাই তাদের বিরুদ্ধে এ মামলা চলতে পারে না", বলেন তিনি। এ মামলার আসামি সাবেক তিন পুলিশপ্রধান মো. আশরাফুল হুদা, খোদা বখশ ও শহুদুল হক সোমবার আত্মসমর্পণের পর তাদেরও কারাগারে পাঠানো হয়। ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে তার আগের দিনই আদালতে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। নতুন আসামিদের মধ্যে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নামও রয়েছে। আগের মতোই হত্যা ও বিস্ফোরক মামলায় আলাদা দুটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করে সিআইডি। এর পরপরই হত্যামামলায় ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন হাকিম কেশব রায়। বিস্ফোরক মামলাটির অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আগামী ১৪ জুলাই মহানগর দায়রা জজ আদালতে হবে বলে ওই আদালতের পেশকার ইফতেখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' আহত হন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ মামলার তদন্ত নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। নোয়াখালীর সেনবাগের জজ মিয়া নামে এক জনের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তাকে হামলাকারী হিসেবে তখন দেখিয়েছিলো সিআইডি। পরে ২০০৫ সালের অক্টোবরে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান গ্রেপ্তারের পর গ্রেনেড হামলায় তার সম্পৃক্ততার বিষয়টি উন্মোচিত হয়। হান্নানের দেওয়া তথ্য অনুযায়ী বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পায় সিআইডি। এরপর সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ১১ জুন সিআইডি কর্মকর্তা ফজলুল কবীর ২২ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন। তাতে অব্যাহতি পান জজ মিয়া। পরে রাষ্ট্র্রপক্ষের আবেদনে ২০০৯ সালের ৩ অগাস্ট আদালত অধিকতর তদন্তের আদেশ দেয়। এরপরই সিআইডির বিশেষ পুলিশ সুপার কাহহার আকন্দ মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পান। তিনি গত ৪ জুলাই হত্যামামলায় একটি এবং বিস্ফোরক মামলায় আরেকটি অভিযোগপত্র দেন। সম্পূরক অভিযোগপত্রে নতুন ৩০ জনসহ দুই মামলায় মোট আসামি সংখ্যা দাঁড়ালো ৫২ জনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭৫৫ ঘ.