ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববারের সাধারণ নির্বাচনে বিজয়ী থাইল্যান্ডের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
মঙ্গলবার বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরোধীদলীয় নেতার একটি শুভেচ্ছাপত্র ইতিমধ্যে ইংলাক সিনাওয়াত্রার কাছে পাঠানো হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ছোট বোন ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বে পুয়ে থাই পার্টি রোববারের সাধারণ নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী হন।
শুভেচ্ছাপত্রে খালেদা জিয়া তার এই বিজয়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেন।
তিনি বলেন, "এই বিজয়ের মাধ্যমে প্রমাণ হয়েছে থাইল্যান্ডের জনগণ ইংলাক সিনাওয়াত্রার প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে। আমি আশা করি নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাইল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে যাবে এবং দেশটিতে সামাজিক স্থিতিশীলতা আসবে।"
বিরোধী দলীয় নেতা সিনাওয়াত্রার বিজয়কে ঐতিহাসিক অভিহিত করে খালেদা বলেন, তিনি থাইল্যাণ্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। বাংলাদেশে আমার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সঙ্গে এর একটি মিল রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৫৫ ঘ.
bdnews24