২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এভাবে হামলা চালিয়ে হরতাল বন্ধ করা যাবে না'

দলীয় নেতা-কর্মীদের ভয়ভীতি দেখিয়ে হরতাল কর্মসূচি পণ্ড করতেই পুলিশ বিনা উস্কানিতে মিছিলে 'হামলা' চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 04:37 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় নেতা-কর্মীদের ভয়ভীতি দেখিয়ে হরতাল কর্মসূচি পণ্ড করতেই পুলিশ বিনা উস্কানিতে মিছিলে 'হামলা' চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক এক ব্রিফিঙে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, "এভাবে হামলা চালিয়ে হরতাল বন্ধ করা যাবে না।'' ২১ অগাস্টের গ্রেনেড মামলায় তারেক রহমানকে আসামি করার প্রতিবাদে সোমবার ঢাকায় বিএনপির মিছিল লাটিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড মামলায় রোববার আদালতে দেওয়া সম্পূরক অভিযোগপত্রে খালেদা জিয়ার ছেলে তারেকসহ ৩০ জনকে নতুন করে আসামি করা হয়েছে। আসামির তালিকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নামও রয়েছে। বিএনপির দাবি, তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ মামলায় জড়ানো হয়েছে। মির্জা ফখরুল দাবি করেন, পুলিশের এই 'আক্রমণে' দলের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটায় বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অ্যাডভোকেট আবেদ রাজা, যুবদলের সভাপতি সৈয়দ মোয়া্েজ্জম হোসেন আলাল, আখতার হোসেন, ইমরান, মুনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, ইয়াসীন আলী, আইয়ুব আলী, মহিলা দলের আয়েশা সিদ্দিকা বানু প্রমুখ গুরুতর আহত হয়েছেন। তিনি জানান, বিরোধী দলীয় প্রধান হুইপের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুলশানের ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি। মিছিলও শান্তিপূর্ণ হবে বলে ঘোষণা দিয়েছি। আমিসহ ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, বিরোধী দলের প্রধান হুইপ মিছিলের অগ্রভাগে ছিলাম। কিন্তু মিছিলটি ৫শ' গজ অগ্রসর হওয়ার আগেই পুলিশ বিনা উস্কানিতে হামলা চালায়।" এভাবে দলের নেতা-কর্মীদের 'ভয়ভীতি' দেখানোর পরও আগামী বুধ ও বৃহস্পতিবারের টানা ৪৮ ঘন্টার হরতাল শতভাগ সফল হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই বিএনপি নেতা। ব্রিফিঙে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রহুল কবির রিজভী, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২২৪ ঘ.