শরীয়তপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চর সেনসাস ইউনিয়নে ভোটের ফল প্রকাশের পর পরাজিত এক প্রার্থীর সমর্থকের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছে দুজন।
রোববার ভোটাভুটির পর সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়। এরপরই পরাজিত চেয়ারম্যান প্রার্থী মমিন দিদারের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- নরসিংহপুর গ্রামের দুলাল গাজী (২২) ও আবুল খায়ের চৌকিদার (৭২)।
দুজন নিহত হওয়ার বিষয়টি স্বীকার করলেও তারা পুলিশের গুলিতে মারা গেছেন কিনা, তা নিশ্চিত করেননি সখিপুর থানার ওসি ধীরেন চন্দ্র মহাপাত্র।
সংঘর্ষে নির্বাচনী কর্মকর্তা, পুলিশসহ অন্তত ৬০ জন আহত হয়েছে। তাদের শরীয়তপুর, চাঁদপুর, ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সখিপুর থানার নরসিংহপুর ৭ নম্বর কেন্দ্রে সন্ধ্যার পর ফল ঘোষণা হলে পরাজিত প্রার্থী মমিন দিদার পুনরায় ভোট গণনার দাবি জানান।
এ ক্ষেত্রে প্রক্রিয়া মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করার পরামর্শ দেন ওই কেন্দ্রের নির্বাচন কর্মকর্তারা।
তবে দিদার সমর্থকরা তা না মেনে সংঘর্ষ বাঁধায় বলে জানান শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) তালেবুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৯টার দিকে নির্বাচনী কর্মকর্তারা পুলিশ পাহারায় ব্যালট বাক্স নিয়ে উপজেলা পরিষদের দিকে রওয়ানা হলে দিদার ও তার সমর্থকরা রাস্তায় শুয়ে আদের পথ আটকে দেয়। এক পর্যায়ে তারা পুলিশের দিকে ইট ছুড়ে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।"
এএসপি জানান, পুলিশ প্রথমে অবরোধকারীদের সরাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় অবরোধকারীরাও অস্ত্র-শস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় দেড়শ রাউন্ড গুলি ছোড়ে। রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে বলে জানান এএসপি।
তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক জন ঘটনাস্থলেই এবং অন্য জন চাঁদপুর সদর হাসপাতালে মারা যান।
সখিপুর থানার ওসি ধীরেন চন্দ্র মহাপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সংঘর্ষে দুজন নিহত হয়। এছাড়া নয় পুলিশ সদস্য, উপজেলা নির্বাহী হাকিম রাকিব হায়দার, তার গাড়িচালকসহ ছয় নির্বাচন কর্মকর্তা এবং স্থানীয় অন্তত ৪৫ জন আহত হয়।
লাশ দুটি শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তারা কাদের গুলিতে তারা গেছেন- পুলিশ তা নিশ্চিত না করলেও নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, পুলিশের গুলিই তাদের মৃত্যুর কারণ।
নিহত দুলাল গাজীর মা আনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুলাল নির্বাচনের ফল জানতে বিকালে কেন্দ্রে গিয়েছিলো। সন্ধ্যার পরে শুনি অনেক শোরগোল ও গুলির শব্দ। রাতে গ্যাঞ্জাম থামলে যাইয়া দেহি পুলিশ আমার পোলারে গুলি কইরা মাইরা রাস্তায় ফালাইয়া থুইয়া গেছে।"
হোসেন চৌকিদারের ছেলে আবদুর রশিদ বলেন, "আমার বাবা নামাজ পড়ে ভোটকেন্দ্রে যায়। সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আমার বাবা মারাত্মক আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।"
ঘটনার পর থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও গোসাইরহাট যুবউন্নয়ন কর্মকর্তা আবুল হোসেন বাদি হয়ে মামলা করবেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে একই রাতে ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৪ নম্বর ইকরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার পর বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮১০ ঘ.
bdnews24