২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষক নিয়োগসহ তিন দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা একঘণ্টা সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক নিয়োগসহ তিন দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা একঘণ্টা সড়ক অবরোধ করেছে। রোববার সকাল ১০টায় ইন্সটিটিউটের কয়েকশ' শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে। এ সময় কয়েক'শ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন বিদ্যুৎ সংযোগের আশ্বাস দিলে সকাল সাড়ে ১১টায় অবরোধ প্রত্যাহার করা হয়। তাদের দাবিগুলো হলো- অবিলম্বে শিক্ষক নিয়োগ, বিদ্যুৎ সংযোগ প্রদান ও পানির লাইন স্থাপন। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মোর্তজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি শান্ত আছে। শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত ২৯ জুন পল্লী বিদ্যুৎ সমিতি ইন্সটিটিউটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সকালে ছাত্র-ছাত্রীরা মিড টার্ম পরীক্ষা দিতে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখে বিক্ষুদ্ধ হয়ে পড়ে। এরপরই তারা মহাসড়কে নেমে আসে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষা কার্যক্রম শুরু হয় চারটি বিভাগ নিয়ে। বিভাগগুলো হচ্ছে- কম্পিউটার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স। বর্তমানে ৪০ জন শিক্ষকের বিপরীতে এ প্রতিষ্ঠানটিতে শিক্ষক রয়েছেন পাঁচজন। ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিলা রহমান জানান, দুই বছরের ৪ লাখ ৫২ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে গত ২৯শে জুন ইন্সটিটিউটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ কারণে শিক্ষার্থীদের সড়ক অবরোধের বিষয়টি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে লিখিতভাবে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২২৪ ঘ.