ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষী ও ক্ষতিগ্রস্তদের (ভিক্টিম) সুরক্ষার বিধান সংযোজন এবং অভিযুক্তের জামিনের বিধান রেখে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধিমালায় সংশোধনী আনা হয়েছে।
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম রোববার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, "প্রাক বিচারপর্বের অভিজ্ঞতা, নানা সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উত্থাপিত বিষয় বিবেচনা ও পরীক্ষা করে মূল বিধিমালায় বেশ কিছু বিধির সন্নিবেশ, সংযোজন ও পরিবর্তন আনা হয়েছে।"
এই সংশোধনী গত ২৮ জুন গেজেট আকারে প্রকাশিত হওয়ার পর রোববার তা হাতে পেয়েছেন বলে জানান তিনি।
আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট-১৯৭৩ এর আইনে কিছু সংশোধনের পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে সরকার ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। এরপর দেশে বিভিন্ন স্থানে তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
ওই আইনের ২২ ধারায় পাওয়া ক্ষমতাবলে ট্রাইব্যুনাল আইনের অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করে। এর কিছুদিনের মধ্যে ওই বিধিতে একদফা সংশোধন করা হয়।
এবার দ্বিতীয় দফা সংশোধনীর মাধ্যমে সাক্ষী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তির সুরক্ষার বিষয়টি যোগ করার পাশাপাশি জামিনের বিধি ও অভিযুক্তের অধিকারের বিষয়টি আরো স্পষ্ট করা হলো।
এই ট্রাইব্যুনালের অধীনে বর্তমানে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সিনিয়র নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিচার চলছে।
এদের মধ্যে আব্দুল আলীম বিশেষ বিবেচনায় শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন; বাকিরা কারাগারে।
সাক্ষী ও ভিকটিমের সুরক্ষা
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জানান, বিধিমালায় নতুন অধ্যায় সংযোজন করে 'সাক্ষী ও ভিকটিম সুরক্ষা' আইন করা হয়েছে।
সংযোজিত এই বিধিতে বলা হয়, 'ট্রাইব্যুনাল স্ব-উদ্যোগে বা কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে সাক্ষী বা ভিকটিমের সুরক্ষা, (তাদের তথ্যের) গোপনীয়তা এবং কল্যাণ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশসহ প্রয়োজনীয় আদেশ দিতে পারবেন।'
সাক্ষী বা ভিকটিম আবেদন করলে তাদের বাসস্থানে এবং বিচার কক্ষে আনা-নেওয়ার সময় তাদের নিরাপত্তা দেওয়া হবে।
সাক্ষীর সুরক্ষা সম্পর্কে বিধিতে বলা হয়েছে, 'উভয়পক্ষের আইনজীবী গোপনীয়তার অঙ্গীকার করবেন এবং সাক্ষীর পরিচয় প্রকাশ করবেন না। এই আইন ভঙ্গকারীকে বিচার করা যাবে।'
এক প্রশ্নের জবাবে রেজিস্ট্রার জানান, বিচারের সময় বিবাদীপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করতে পারবেন।
জামিনের বিধি সংশোধন
বিধি ৩৪ এর সংশোধিত অংশে বলা হয়েছে, মামলার কার্যক্রমের যে কোনো পর্যায়ে শর্তপূরণ সাপেক্ষে ট্রাইব্যুনাল আসামিকে জামিন দিতে পারবে। ন্যায় বিচারের স্বার্থে স্ব-উদ্যোগে অথবা কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই শর্তে পরিবর্তন আনতে পারবে। শর্ত ভাঙলে জামিন বাতিল করে আসামিকে হেফাজতেও নেওয়া যাবে।
এই বিধি সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনালের জামিন সংক্রান্ত নিয়ম আরো বিশদ করা হলো।
সংশোধিত বিধিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি হাজতে থাকলে গ্রেপ্তারের তারিখ থেকে এক বছরের মধ্যে তদন্ত কর্মকর্তা বিধিমালার অধীনে তদন্ত কাজ শেষ করবেন। ওই সময়ে তিনি তদন্ত শেষ করতে ব্যর্থ হলে আসামি ট্রাইব্যুনালের শর্ত পূরণ করে জামিনে মুক্ত হতে পারবেন।
তবে ট্রাইব্যুনাল প্রয়োজনে তদন্তের সময়কাল ও আটকাদেশের মেয়াদ ছয় মাসের জন্য বাড়াতে পারবে।
আসামি আটক থাকাকালে প্রতি তিনমাস পরপর তদন্ত কর্মকর্তা অগ্রগতি প্রতিবেদন দেবেন। ট্রাইব্যুনাল এই প্রতিবেদন পর্যালোচনা করে আটকাদেশ পুনর্বিবেচনা করতে পারবে।
অভিযুক্তের অধিকার
বিধি ৪৩ এ বলা হয়েছে, 'দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি নির্দোষ বলে অনুমিত হবেন। একই অভিযোগে কাউকে দ্বিতীয়বার বিচার করা যাবে না। স্বচ্ছ ও উন্মুক্ত শুনানির অধিকার অভিযুক্তের থাকবে। তিনি পছন্দ অনুসারে আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং অনবশ্যক বিলম্ব ছাড়া বিচার চলতে থাকবে। শুনানির সুযোগ না দিয়ে অভিযুক্তকে সাজা দেওয়া যাবে না। অভিযুক্তকে নিজের বিরুদ্ধে সাক্ষ্যদান বা দোষ স্বীকারে বাধ্য করা যাবে না। অভিযুক্ত বিনা খরচে রায়ের অনুলিপি পাবেন।'
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সনদ মেনে অভিযুক্ত ব্যক্তির অধিকার নিশ্চিত করতে এ বিধান করা হয়েছে। এছাড়া তদন্তের সময় অভিযুক্ত ব্যক্তি হাকিমের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে সে সময় তার আইনজীবীও উপস্থিত থাকতে পারবেন বলে শাহিনুর জানান।
নথি প্রকাশ
শাহিনুর ইসলাম বলেন, অপরাধ আমলে নেওয়া হলে 'আনুষ্ঠানিক' অভিযোগসহ অন্যান্য নথি অভিযুক্তকে সরবরাহ করার বিষয়টিও বিধিতে সন্নিবেশিত হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার না করলে প্রস্তুতির জন্য তাকে কমপক্ষে তিন সপ্তাহ সময় দেওয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের থাকছে।
দণ্ড সংক্রান্ত বিধান
বিধি ৪৬ এর সংশোধিত অংশে বলা হয়েছে, রায় ঘোষণার তারিখ থেকেই দণ্ড কার্যকর হবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পলাতক থাকলে আত্মসমর্পণ বা গ্রেপ্তারের দিন থেকে তা কার্যকর হবে। ট্রাইব্যুনাল চাইলে অর্থদণ্ড বা ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে। রায় বা আদেশে কোনো বিচ্যুতি ট্রাইব্যুনাল স্ব-উদ্যোগে বা কোনপক্ষের আবেদনে সংশোধনও করতে পারবে।
এ বিষয়ে শাহিনুর ইসলাম বলেন, ১৯৭৩ সালের আইনে প্রাক বিচার বা বিচার পর্বে ট্রাইব্যুনালের চূড়ান্ত রায় ছাড়া কোনো আদেশের বিরুদ্ধে আপিল করার বিধান ছিল না। এ কারণেই এই সংশোধনী আনা হয়েছে।
ট্রাইব্যুনালের 'অন্তর্নিহিত ক্ষমতা'
সংশোধিত নতুন বিধির ৪৬ (ক) ধারায় বলা হয়েছে, ন্যায় বিচার নিশ্চিতে বা কার্যধারার অপপ্রয়োগ প্রতিরোধে প্রয়োজনে যে কোনো আদেশ দেওয়ার ক্ষেত্রে কোনো কিছুই ট্রাইব্যুনালের অন্তর্নিহিত ক্ষমতকে নিবৃত করতে পারবে না।
আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিতর্ক
১৯৭১ এর মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত এই ট্রাইব্যুনাল কোনোভাবেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয়- বলেন মো. শাহিনুর ইসলাম।
"এটি আমাদের নিজস্ব আইনের অধীনে গঠিত একটি অভ্যন্তরীণ ট্রাইব্যুনাল। তাই যে আইনের অধীনে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেই আইনের কাঠামোতেই এই ট্রাইব্যুনাল ও এর কার্যক্রমকে মূল্যায়ন করতে হবে। আইসিসি বা অন্য কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুানালের সঙ্গে এর তুলনা অপ্রাসঙ্গিক।"
"আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ বিচারের জন্য গঠিত হওয়ায় একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলা হয়," যোগ করেন রেজিস্ট্রার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৮৪০ ঘ.
bdnews24