২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস্য অধিদপ্তরের দুই কর্মকর্তা বরখাস্ত

সনদ জাল করে ইউরোপে সামুদ্রিক মাছ রপ্তানিতে একটি প্রতিষ্ঠানকে সহযোগিতা করার অভিযোগে মৎস্য অধিদপ্তরের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনদ জাল করে ইউরোপে সামুদ্রিক মাছ রপ্তানিতে একটি প্রতিষ্ঠানকে সহযোগিতা করার অভিযোগে মৎস্য অধিদপ্তরের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ দুই কর্মকর্তা হলেন- অধিদপ্তরের সহকারী পরিচালক মোতাহার হোসেন ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার হাবিবুর রহমান। এছাড়া একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান খান ও চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (মান নিয়ন্ত্রণ) প্রভাতী দেবকে সুস্পষ্ট ব্যাখ্যাসহ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশগুলো ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাবর পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সনদ জালিয়াতি করে 'বিডি সি ফুডস' নামে একটি প্রতিষ্ঠানকে ইউরোপে মাছ রপ্তানির সুযোগ করে দেওয়ায় এই দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সেইসঙ্গে ওই প্রতিষ্ঠানটির কারখানায় মৎস্য প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম ও সামুদ্রিক মাছ রপ্তানির সনদও বাতিল করা হয়েছে। এর আগে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হওয়ায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস অভিযোগ তদন্তের জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মৎস্য) মোহাম্মদ শামসুল কিবরিয়াকে দায়িত্ব দেন। যুগ্ম সচিব তাৎক্ষণিক তদন্ত শেষে এ ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ মন্ত্রীর কাছে নথি উপস্থাপন করলে তিনি তা তাৎক্ষনিকভাবে অনুমোদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮১৭ ঘ.