২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চদশ সংশোধনী বিলে রাষ্ট্রপতির সম্মতি

সংসদে পাস হওয়া পঞ্চদশ সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এর মধ্য দিয়ে বিলটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 11:57 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে পাস হওয়া পঞ্চদশ সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এর মধ্য দিয়ে বিলটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হলো। রোববার রাষ্ট্রপতি ওই বিলে স্বাক্ষর করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, "রাষ্ট্রপতি বাংলাদেশের নবম জাতীয় সংসদের নবম অধিবেশনে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত নিুলিখিত বিলটিতে আজ ০৩-০৭-২০১১ তারিখে তার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিলটি হচ্ছে 'সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১/ঞযব ঈড়হংঃরঃঁঃরড়হ (ঋরভঃববহঃয অসবহফসবহঃ) ইরষষ, ২০১১'।" তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তসহ ৫৫টি সংশোধন প্রস্তাব সম্বলিত এই বিলটি বৃহস্পতিবার বিরোধী দলের অনুপস্থিতিতেই সংসদে বিভক্তি ভোটে পাস হয়। নতুন আইনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পাশাপাশি রাষ্ট্রের নাগরিকদের জাতীয়তা বাংলাদেশির পরিবর্তে বাঙালি করা হয়েছে। বহাল রাখা হয়েছে রাষ্ট্রধর্ম ইসলাম ও 'বিসমিল্লাহ'। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আদিবাসী স্বীকৃতি উপেক্ষিতই থেকেছে। এই আইন অনুযায়ী, সরকারের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন হবে। ওই সময়ে সরকার থাকলেও তারা কেবল রুটিন কাজ চালিয়ে নেবে। ক্ষমতা বেড়েছে নির্বাচন কমিশনের। অসাংবিধানিকভাবে কেউ ক্ষমতা দখল করলে তা রাষ্ট্রদ্রোহ বলে বিবেচিত হবে। পাশাপাশি সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যাও ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে সংশোধিত আইনে। এরই মধ্যে সংবিধান সংশোধনের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সংবিধান এখন আওয়ামী লীগের ইশতেহারে পরিণত হয়েছে। এর ফলে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে। সংবিধান সংশোধনের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। এ ছাড়া সংশোধিত সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও 'বিসমিল্লাহ' বহাল রাখা হলেও 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ পড়ায় বিএনপির মিত্র বলে পরিচিত ১২টি দল আগামী ১০ ও ১১ জুলাই সারাদেশে ৩০ ঘণ্টার হরতাল কর্মসূচি দিয়েছে। অন্যদিকে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা এবং আদিবাসীদের স্বীকৃতি না দেওয়ার সমালোচনা করেছে দশটি বামপন্থী দল এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এএল/জেকে/১৮৫৯ ঘ.

এ সম্পর্কিত আরো খবর