ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফারুক হত্যা মামলায় চার দিন জিজ্ঞাসাবাদ শেষে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি রেজাউল করিমকে অন্য একটি বিস্ফোরক মামলায় তিন দিনের হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ।
বিরোধী দলের ডাকা হরতালে গাড়ি পোড়ানোর সময় ফারুক হোসেন নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় চারদিন জিজ্ঞাসাবাদ শেষে রেজাউলকে শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ।
এরপর রমনা থানা পুলিশ তাকে ৫ জুন হরতালের সময় বিস্ফোরক আটকের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আরো ১০ দিনের হেফাজত চায়। শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তিন দিনের হেফাজত মঞ্জুর করেন।
রেজাউল করিমের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিস্ফোরক মামলার এজাহারে রেজাউল করিমের নাম ছিল না। বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা এ মামলায় রেজাউলকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। আমরা জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২৩৩৫ ঘ.
bdnews24