২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট পৌর এলাকায় পানি সরবরাহ বন্ধ

পাইপ কেটে দেওয়ায় বাগেরহাট পৌরসভায় শুক্রবার বিকাল থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

বাগেরহাট, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইপ কেটে দেওয়ায় বাগেরহাট পৌরসভায় শুক্রবার বিকাল থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে শহরের এক লাখ বাসিন্দাকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি সরবরাহ কবে আবার স্বভাবিক হবে তা জানাতে পারছে না পৌর কর্তৃপক্ষ। এই ঘটনায় পৌরসভার প্যানেল মেয়র মিনা হাসিবুল হাসান বাদী শুক্রবার রাতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন। এছাড়া ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামানের উপর হামলার ঘটনায় তার বাবা শেখ আমজাদ হোসেনও শনিবার একটি মামলা করেছেন একই থানায়। মামলায় আক্তারুজ্জামানের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি, তার উপর হামলা ও অপহরণ চেষ্টার অভিযোগ আনা হয় অজ্ঞাতনামা আট-দশ জনের বিরুদ্ধে। বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামানের উপর হামলার জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার বিকালে এ পানির লাইন কেটে দেয়। ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর এলাকায় পাইপ লাইনটি কেটে দেওয়া হয়। শনিবার দুপুরে প্যানেল মেয়র মিনা হাসিবুল হাসান বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিবরণ দেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, পানি সরবরাহ প্রধান লাইন, অটো রিলিজ ভাল্ব, পাম্প হাউজের ভিতরের বৈদ্যুতিক প্যানেল ভাল্বসহ বার্জ বার, হাই লিফট পাম্প ভাংচুর করে এবং পাম্প হাউজের গুদাম থেকে বিভিন্ন মালামাল লুট করে এলাকার লোকজন। এতে প্রায় পঁচিশ লাখ টাকার ক্ষতি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাগেরহাট পৌরসভার তহবিলে এত বড় ক্ষতি পূরণের প্রয়োজনীয় অর্থ নেই। এই অবস্থায় ঠিক কবে থেকে আবার পৌরবাসীর জন্য পানি সরবরাহের ব্যবস্থা করা যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন। বাগেরহাট মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন দুটি মামলা দায়েরের কথা নিশ্চিত করেন। এখনো কোনো মামলায় আসামি আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। শুক্রবার সকালে বাগেরহাট শহরের নূর মসজিদ মোড়ে আক্তারুজ্জামানের উপর হামলা হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ ইউনিয়নবাসী শুক্রবার প্রায় ছয়ঘণ্টা বাগেরহাট-খুলনা সড়ক অবরোধ করে। এ সময় তারা পৌরসভার পানি সরবরাহ লাইন কেটে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৯ ঘ.