২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অছাত্ররা নেতৃত্বে যাওয়ার সুযোগ পাবে না: কাদের

পড়াশোনার সঙ্গে সম্পর্কহীন অছাত্রদের ছাত্রলীগের নেতৃত্বে আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পড়াশোনার সঙ্গে সম্পর্কহীন অছাত্রদের ছাত্রলীগের নেতৃত্বে আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশন মিলনায়তনে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনে তিনি এ কথা বলেন। ছাত্রলীগের এই সাবেক সভাপতি বলেন, "শ্রেণী কক্ষের সঙ্গে যাদের সম্পর্ক নেই, যারা মুরুব্বিদের সম্মান করতে জানে না, ট্রেনে উঠে টিকিট কাটেন না, বাসে উঠে ভাড়া দেয় না ও কেন্টিনে খেয়ে টাকা পরে দেবেন বলে উঠে চলে যায়- তারা ছাত্রলীগের নেতৃত্বে আসার সুযোগ পাবে না।" গঠনতন্ত্র অনুযায়ী মেধাবি, পরীক্ষিত ও নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। ছাত্রলীগে কোনো ধরনের সিন্ডিকেট বরদাস্ত করা হবে না- মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, "ফরমালিনযুক্ত-হাইব্রিড নেতৃত্ব সাধারণ ছাত্রদের আকর্ষণ করে না। সুতরাং তাদের দিয়ে ছাত্ররাজনীতি চলতে পারে না।" দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রসংসদ নির্বাচন না হওয়াকেও ছাত্ররাজনীতির অসুস্থতার জন্য দায়ী করেন তিনি। "নিয়মিত ডাকসু নির্বাচন হলে বিগত ২১ বছরে আমরা ৪২ জন জাতীয় নেতা পেতাম। তাহলে নেতৃত্বের সংকট অনেকটাই কমে আসতো।" অন্যদের মধ্যে সম্মেলনে বক্তব্য রাখেন, ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন, সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি শেখ সোহেল রানা টিপুর সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন এই শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকীব বাদশা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৫৬ ঘ.