ঢাকা, জুন ২৯(বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- বিচারকের নির্দেশে ঢাকার একটি আদালতের বারান্দা থেকে ইসলামী জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হাফেজ মাওলানা আব্দুল গফুরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার কোতোয়ালি থানার উপপরিদর্শক শেখ গণি মিয়া ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তাকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজত চান।
মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান হেফাজতের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার বিকালে চট্টগ্রামের হরকাত-উল-জিহাদ নেতা আব্দুল হান্নানের বিরুদ্ধে বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের সময় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে 'সব মিথ্যে, সব মিথ্যে, সত্যের জয় হবেই হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার' বলে স্লোগান দিতে থাকলে বিচারকের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৯২৯ ঘ.
bdnews24