২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবির দোকানের দায়িত্ব নিচ্ছে সমবায় অধিদপ্তর

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত ন্যায্যমূল্যের দোকানগুলো ১ জুলাই থেকে সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 10:59 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত ন্যায্যমূল্যের দোকানগুলো ১ জুলাই থেকে সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত হবে। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক বৈঠকের পর সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানান, বিজিবির আটটি দোকান আগামী ১ জুলাই সমবায় মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। রোজা শুরুর আগেই সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে এসব দোকান পুরোদমে পরিচালিত হবে। সমবায়ীদের উৎপাদিত কৃষিপণ্য এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এসব দোকানে ন্যায্যমূল্যে বিক্রি হবে। এছাড়া পর্যায়ক্রমে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে একটি করে দোকান ও ভ্রাম্যমাণ দোকান চালু করারও চিন্তা রয়েছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, "সমবায় সমিতির মাধ্যমে এ দোকানগুলো পরিচালিত হলে উৎপাদক ও ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে।" ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তখনকার বিডিআরের তত্ত্বাবধানে রাজধানীতে ১১টি 'বিডিআর শপ' চালু করা হয়। তবে পরে এর মধ্যে তিনটি বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর বিদ্রোহের পর তৎকালীন বিডিআর সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, তারা আর এই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় আগ্রহী নয়। বাংলাদেশ রাইফেলস কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ঢাকার বিভিন্ন স্থানে পরিচালিত এসব দোকান হস্তান্তরের ব্যাপারে সুপারিশ ও দিক নির্দেশনা চায় তারা। গত বছর জানুয়ারিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ওই দোকানগুলোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আগ্রহ প্রকাশ করে। বিডিআর শপের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব সমবায় অধিদপ্তরের হাতে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে তারা। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর এক তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিডিআর শপে বাড়তি দায়িত্ব পালনের জন্য রাইফেলস সদস্যদের অতিরিক্ত অর্থ দেওয়া হতো না। এসব দোকানের লাভের কোনো অংশও তারা পেত না। এ নিয়ে বিডিআর সদস্যদের মধ্যে ক্ষোভ ছিল। রক্তক্ষয়ী ওই বিদ্রোহের পর বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/১৬৫৫ ঘ.