ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা অর্থ-পাচার মামলা ও প্রদত্ত সাজার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।
শুক্রবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনগত দিক ব্যাখ্যা করে এই প্রশ্ন উত্থাপন করেন।
তিনি বলেন, মামলাটি মিথ্যা ও সাজানো। সরকার রাজনৈতিক প্রতিহিংসায় অতি ক্ষিপ্ততার সঙ্গে আদালতকে ব্যবহার করে অভিযোগ গঠনের মাত্র ১৭ দিনের মধ্যে সাজা দিয়েছে। সেখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়া হয়নি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।
মির্জা ফখরুল অভিযোগ করেন, কোকোর বিরুদ্ধে মামলায় সরকার এটর্নি জেনারেলের কার্যালয়কে ব্যবহার করেছে। এটর্নি জেনারেল নিজে নিু আদালতে গিয়ে কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানান।
তিনি আরো অভিযোগ করেন, এজাহারের বলা হয়েছে ২০০৭ সালের নভেম্বরে সিঙ্গাপুরে সংশ্লিষ্ট ব্যাংক থেকে অর্থ সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু সে সময়ে কোকো কারাগারে বন্দি ছিলেন। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে কোকো গ্রেপ্তার হন। এজন্য ওই অর্থ সরানোর সাথে কোকোর কোনো সংশ্লিষ্টতা নেই।
মির্জা ফখরুল বলেন, এই মামলা ২০০৯ সালের মানি লন্ডারিং আইনের আওতায় দায়ের করা হয়েছে। কিন্তু আগের ঘটনা পরবর্তী সময়ের আইনে চলে না। দুদক মামলাটি দায়ের করে ২০০৯ সালের ১৭ মার্চ। ১৮ জনের সাক্ষ্য গ্রহণের পর রাষ্ট্রপক্ষ এই ভুল স্বীকার করে মামলাটিতে মানি লন্ডারিং ২০০২ সালের আইনে পুনরায় অভিযোগ গঠন করে।
২০০২ সালের আইনে বাংলাদেশ ব্যাংক অর্থ পাচার মামলা দায়ের করতে পারে। দুর্নীতি দমন কমিশন (দুদক) নয়। এক্ষেত্রে দুদকের মামলা দায়ের অবৈধ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মামলাটি যে আইনে দায়ের করা হয়েছে, তা সঠিক নয়। ২০০২ সালের আইনে মামলায় মাত্র ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অতিদ্রুত আদালত সাজা প্রদান করে। এভাবে কোকো ন্যায়বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে।
মির্জা ফখরুল জানান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোনোভাবে অর্থ পাচারের সঙ্গে জড়িত নন। সিঙ্গাপুরের জ্যাজ ট্রেডিং এণ্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড এবং ফারহিল কনসালটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে তার কোনো সস্পৃক্ততা নেই। তার কোনো ব্যাংক হিসাবও নেই।
আইনগত দিক বিশ্লেষণ করে তিনি বলেন, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসীজ ব্যাংকে টাকা জমা হয়েছে- মামলার এজাহারে তার কোনো উল্লেখ নেই। এজাহারের বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে টাকা জমা হয়েছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, যৌথ হিসাবে কোকোর স্বাক্ষরের কোনো প্রমাণ করেনি আদালত।
বিশেষ জজ আদালত-৩ এ কোকোর মামলার অভিযোগ গঠনের বৈধ্যতা নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, এই আদালতের অভিযোগ গঠন সম্পূর্ণ বেআইনি। কোকোর বিরুদ্ধে কোনো সমন জারি করা হয়নি। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও পত্রিকায় প্রকাশ করা হয়নি।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, সরকার জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই কোকোর বিরুদ্ধে মিথ্যা মানি লন্ডারিং মামলা সাজিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। এ সাজার আইনগত কোনো ভিত্তি নেই। এটা অবৈধ।
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মাহবুব উদ্দিন খোকন, সালাহউদ্দিন আহমেদ, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
এদিকে কোকোর সাজার প্রতিবাদে শুক্রবার ছাত্রদল নয়া পল্টন কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। এছাড়া জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৪৭ ঘ.
bdnews24